২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা প্রণয়ণের তৃতীয় দিনেও ভিআইপিদের কেউ তালিকাভূক্ত হননি

ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হওয়ার তৃতীয় দিনেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অনেক ভিআইপি তালিকাভূক্ত হন নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সূত্র জানায়, রমনা থানান নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য চিঠি দিয়েছেন। কিন্তু সে চিঠির উত্তর এখনো আসেনি।

থানা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি কবে ভোটার হচ্ছেন  এখনই বলতে পারছিনা।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ক্যানটনমেন্টের  থানা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন চিঠি দিয়েছেন। তিনি চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছেন।

বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে কাকলী স্কুলের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ (সহকারি রেজিস্ট্রেশন অফিসার) গত তিন দিন ধরে যোগাযোগ করেও তার নাম অন্তর্ভুক্ত করতে পারেন নি।

বুধবার শেখ হাসিনা পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।  ১৪ জানুয়ারি তার ফিরে আসার কথা রয়েছে।

ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা নাজিমুদ্দিন ভূঁইয়া জানান, ধানমন্ডি থানার অধীনে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধূরী, আনোয়ার হোসেন মঞ্জু এমপি , ব্যারিস্টার মঈনূল হোসেন, সাবেক এমপি তাসমিমা হোসেনসহ অনেক  ভিআইপিই মঙ্গলবার পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করান নি।

গুলশান থানা নির্বাচন কর্মকর্তা ফারজানা রহমান সাংবাদিকদের জানান, গুলশান থানায় প্রায় ৭০ হাজার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।

যদিও ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অনেক বাড়িতেই এখনো কোন তথ্য সংগ্রহকারী যায় নি।

নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রাখার বিষয়ে হাইকোর্টের কারণ দর্শানোর রুল জারি এবং ভোটার তালিকা বিষয়ে মঙ্গলবার আদেশ দেওয়ার কথা থাকায় তথ্য সংগ্রহকারিরা কাজ চালিয়ে যেতে পারছে না বলে জানান তথ্য সংগ্রহকারদের অনেকেই।

তবে মঙ্গলবারও হাইকোর্ট এ বিষয়ে রায় ঘোষণা করেনি।

এদিকে লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীচরে ভোটার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে সাবেক এমপি হাজী সেলিম অভিযোগ করেছেন।

তিনি বলেন, এসব এলাকায় বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় ওয়ার্ড কমিশনারদের নির্দেশে নিজেদের কর্মী ও তাদের আত্মীয় স্বজনদের নাম বেছে বেছে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আ’লীগের নেতা কর্মীদের বাড়িতে গিয়ে শুধু বাড়িওয়ালাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।  তিন চার বছর ধরে বসবাস করার পরও ভাড়াটেদেরও ভোটার তালিকায় নেওয়া হচ্ছে না।

নিজের নাম ভোটার তালিকায় উঠবে কিনা এ ব্যাপারে আশংকা প্রকাশ করেন হাজী সেলিম।

তিনি অভিযোগ করেন, লীগের মহিলাদের নাম অর্ন্তভুক্ত নিয়েও তালবাহানা করছে। এমনকি বৃহত্তর ফরিদপুর ররিশাল এলাকায় বাড়ি এমন ভাড়াটিয়া ও হিন্দুদের নাম বাদ রাখছে।