২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহসনের ভোটার তালিকা প্রণয়ন অবিলম্বে বন্ধ করুন: ১৪ দলের সভা শেষে সরকারের প্রতি শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের উদ্দেশে বলেছেন, প্রহসনের ভোটার তালিকা প্রণয়নের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করুন। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বিরোধী দলের দাবি বাস্তবায়ন করে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

মঙ্গলবার রাতে সুধাসদনে ১৪ দলের এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, নতুন ভোটার তালিকা প্রণয়নের নামে ১৬৪ কোটি টাকা লুটপাটের খেলা চলছে। তিনি বলেন, সারা দেশ থেকে খবর পাচ্ছি, ভোটার তালিকায় আওয়ামী লীগ, ১৪ দল, সংখ্যালঘু সম্প্রদায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে বাদ দেওয়া হচ্ছে। জনগণের ভোট পাবে না জেনে জোট সরকার নির্বাচন কারচুপি করতে ভোটার তালিকায় দলীয়করণ করছে।

শুধুমাত্র জোটের ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকার মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়। জনগণের বিরুদ্ধে এ ষড়যন্ত্র দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নতুন ভোটার তালিকার বিরুদ্ধে আদালতে রিট করার পরও সরকার ভোটার তালিকা প্রণয়নের কাজ বন্ধ করেনি। একদিকে মামলা চলছে, অন্যদিকে ভোটার তালিকার কাজ চলছে।

তিনি বলেন, বিএনপি--জামাত জোট একদিকে জনগণের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। অন্যদিকে নতুন ভোটার তালিকার নামে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায় তারা। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।

শেখ হাসিনা বলেন, মানুষ জঙ্গি সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশবাসী ব্যর্থ অত্যাচারি দুর্নীতিবাজ জোটের হাত থেকে পরিত্রাণ চায়। 

সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।