মহা কারা পরিদর্শক তৌফিক আলম অপসারিত, ব্রিগেডিয়ার জেনারেল জাকির নতুন আইজি
মহা কারা পরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক আলমকে বুধবার বিকেলে অপসারণ করা হয়েছে। এ সময় তাকে অপসারণ সংক্রান্ত চিঠি হস্তান্তর করা হয়।
ব্রিগেডিয়ার তৌফিকের পরিবর্তে ব্রিগেডিয়ার জেনারেল জাকির নতুন আইজি প্রিজন হিসেবে যোগ দিয়েছেন।
দেশের সবচেয়ে বড় কারাগারে র্যাব ও বিডিআর এর মাদকবিরোধী যৌথ অভিযানের কয়েক ঘন্টা পর আকস্মিক এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত দু’মাসে জেলখানা থেকে সাজাপ্রাপ্ত তিনজন আসামির পলায়ন, কারাগারের অভ্যন্তরে মাদক ও নারী ব্যবসাসহ অন্যান্য বিষয়ে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্যে তাকে অপসারণ করা হয় বলে সূত্রটি জানিয়েছে।
তবে এ ব্যাপারে ব্রিগেডিয়ার তৌফিকের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল তৌফিককে অপসারণ সম্বলিত চিঠি প্রদান করা হয় এবং সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল জাকির আইজি পদে যোগদান করেন।
তবে একই অভিযোগ এডিশনাল আইজি কর্ণেল সিরাজের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেনো তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হচ্ছে না এ ব্যাপারে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
কারা সূত্র জানায়, গত দুই মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত তিনজন আসামি পালিয়ে গেছে।
জুলাই মাসের ১৭ তারিখে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম কারা কর্তৃপক্ষের সহায়তায় পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
গত মাসে নরসিংদীর ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা এবং বাবুল নামের অপর এক আসামি পালিয়ে যায়।
