২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ফাঁদে পা দেবে না আওয়ামীলীগ : দিল্লি যাত্রার প্রাক্কালে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দলের দেওয়া সংস্কার প্রস্তাবসহ সকল দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে। তবে কোনো ধরণের নির্বাচনী ফাঁদে (ট্র্যাপ ইলেকশন) পা দেবে না আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আবারও তিনি বুথে বড় আকারের স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়নের প্রস্তাব দেন তিনি।

বুধবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোট পাবে না বলে বিএনপি-জামাত জোট কারচুপির সকল প্রক্রিয়া সম্পন্ন করছে। নির্বাচনের ফাঁদ পেতে তারা আবার ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনকেও ন্যক্কারজনকভাবে দলীয়করণ করছে তারা। কিন্তু এ ধরণের কারচুপির নির্বাচনে দেশের মঙ্গল হবে না। কেউ যেন আর ভোট চুরি করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বিগত ‘৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ভোটার বিহীন প্রহসনের’ ওই নির্বাচনের পর জনগণ খালেদা জিয়াকে দাবি মানতে বাধ্য করেছিলো। ১২ দিনেই সংসদ বিলুপ্ত হয়েছিলো। এবার তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে জনগণের দাবি মানতে সরকারকে বাধ্য করতে এক বছরও লাগবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। ক্ষমতায় যেতে অবৈধ পন্থায় বিশ্বাস করি না আমরা। আমরা সব সময়ই নির্বাচনে প্রস্তুত। কিন্তু কোন্ নির্বাচন? আমরা কেন নির্বাচনী ফাঁদে পা দেব? অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে বাংলার জনগণই সরকারকে বাধ্য করবে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, তার সরকারের এতোই যখন উন্নয়নের জোয়ার, সেখানে নির্বাচন দিতে তার ভয় কেন? সংস্কার প্রস্তাব মেনে নিয়ে নির্বাচন দিয়ে দিক। জনগণ একবার নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাক। দেখি জনগণ কাকে চায়?

‘টুয়েস ডে গ্রুপের’ নির্বাচন বিষয়ে প্রস্তাবিত সম্মেলন প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের নির্বাচন কমিশনে ডেকে নেওয়া হয়েছিল। রাত ১২ টাতেও তাদের নিয়ে বৈঠক হয়েছিল। তাদের কী তখন খুব ভালো লাগছিলো?

তিনি বলেন, এখন তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিষয়ে আলোচনা করতে চায়। এতে দোষের কী? অথচ, এতেই সরকার এতো অস্থির হয়ে গেলো কেন? সরকারের দুর্বলতা কোথায়?

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকার গত চার বছরে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণে দেশের মানুষ অতিষ্ঠ। চরম স্বেচ্ছাচারিতা ও অরাজকতা চলছে দেশে। দেশ ও জাতির বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে। মানুষ এই ব্যর্থ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

শেখ হাসিনা বিকেল পৌণে পাঁচটায় এয়ার ইণ্ডিয়ার একটি ফ্লাইট যোগে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ভারত সফরকালে বৃহস্পতিবার তিনি আজমির যাবেন। সেখানে হযরত খাজা মইন উদ্দিন চিশতি’র (র:) মাজার জিয়ারত করবেন। এছাড়া আওয়ামী লীগ প্রধান দিল্লিতে দু’দিন অবস্থানকালে ভারতের সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের ভারত সফর শেষে ২ অক্টোবর কোলকাতায় ৬ ঘন্টার যাত্রা বিরতি করে ঢাকা ফিরবেন তিনি।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী তার সফরসঙ্গী হচ্ছেন। তবে ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও একই ফ্লাইটে আজমির গেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেখ হাসিনাকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।