সিলেটে জেএমবি সদস্য ২ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে নিষিদ্ধ ইসলামি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য দু’জন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-মোহসীন খান (৩০) এবং আবদুল হাই (৩১)। দুজনই স্থানীয় সেনগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সূত্র জানায়, মোহসীন খানকে সোমবার ভোর রাতে উপজেলার একটি গ্রাম থেকে এবং আবদুল হাইকে মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর বাজারের একটি ফার্মেসি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহসীন খানের কাছ থেকে জেএমবি’র মুখপত্র আল-তাহরীক এর চলতি মাসের পাঁচটি সংখ্যা এবং আহলে হাদিস আন্দোলনের একটি বই উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মোহসীন খানকে ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
