নাজমুল হুদা, অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে শোকজ নোটিশ দেওয়া হবে
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে কারণ দর্শাও নোটিশ প্রদান করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ)। বিজেএএফ’র কেন্দ্রীয় কমিটি সূত্রে এ কথা জানা গেছে।
বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের নেতা ব্যারিস্টার নাজমুল হুদা সোমবার এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোন কমিটি নেই। বিবৃতিতে ব্যারিস্টার নাজমুল হুদা আরও বলেন, বিজেএএফ’র কেন্দ্রীয় কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, অচিরেই ফোরামের সকল পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন এবং আহ্বায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে নুতন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
অন্যদিকে অ্যাডভোকেট টিএইচ খান এবং টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ ইতিমধ্যে ব্যারিস্টার নাজমুল হুদা এবং বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
বিজেএএফ সভাপতি অ্যাডভোকেট টিএইচ খান বিডিনিউজকে বলেন, সংগঠন বিরোধী তৎপরতার কারনে ব্যারিস্টার নাজমুল হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে। নাজমুল হুদার বিবৃতি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, সাময়িকভাবে বরখাস্ত কোন সদস্যের বিজেএএফ সম্পর্কে বিবৃতি দেওয়ার অধিকার নেই।
