মজুরি কমিশন বাস্তবায়নের উদ্যোগ নিতে সাদেক হোসেন খোকার ঘোষণা
শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য মজুরি কমিশন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, এ ব্যাপারে তিনি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং মজুরি কমিশন বাস্তবায়নে করণীয় সবকিছুই করবেন।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জাতীয় শ্রমিক ফেডারেশনের ১২তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, শ্রমিক নেতা আব্দুল মজিদ খান ও এএসএম জাকারিয়া প্রমুখ।
সম্মেলনে সাদেক হোসেন বলেন, পে কমিশনের ধারাবাহিকতা বজায় রাখতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিচারপতিদের বেতন বাড়ানো হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার ৩৪ বছরেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। তাদের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠা করা না হলে দেশ ও জাতি ভবিষ্যতে তীব্র সংকটের মুখোমুখি হবে। শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সিটি মেয়র বলেন, ধারাবাহিক বোমা হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে দেশের গণতন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল বামপন্থী সংগঠনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
