বাংলাদেশীদের কাছ থেকে ‘ধিক্কারপত্র’ পাচ্ছেন মার্কিন সিনেটররা
বাংলাদেশের ‘রাজনৈতিক সহিংসতা’র বিষয়টি জাতিসংঘে উত্থাপনের জন্যে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে আহ্বান জানিয়ে আবেদনে স্বাক্ষরকারী মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যরা বাংলাদেশীদের কাছ থেকে ‘ধিক্কারপত্র’ (হেইট মেইল) পাচ্ছেন।
ওয়াশিংটন ডিসির কংগ্রেস প্রতিনিধি এবং সিনেটরদের কার্যালয়গুলোতে ডাক ও ফ্যাক্সযোগে বাংলাদেশীরা এসব পত্র পাঠাচ্ছেন বলে বেশ ক’টি সূত্র জানিয়েছে।
সিনেটরদের একাধিক কার্যালয় থেকে বিডিনিউজ উত্তর আমেরিকা প্রতিনিধিকে নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশে বসবাসরতদের কাছ থেকে অল্প সংখ্যক এবং প্রধানত নিউইয়র্কভিত্তিক বাংলাদেশীদের কাছ থেকে তারা এসব ‘ধিক্কারপত্র’ পাচ্ছেন।
১২ সেপ্টেম্বর ১৬জন কংগ্রেস সদস্যের যৌথবিবৃতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিব্রত করেছে।
বিশ্ব উন্নয়ন শীর্ষ সম্মেলনে যোগদানের জন্যে তিনি গত সপ্তাহে নিউইয়র্ক সফর করছিলেন।
আয়োজক অথবা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে বিব্রতকর পরিস্থিতি এড়াতে প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর ক্লিনটন ইনস্টিটিউটের আমন্ত্রণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাষ্ট্র শাখার নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়া রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং কংগ্রেস সদস্যদের বিবৃতির প্রতিক্রিয়া জানাতে তাদের সমর্থন চেয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে অসুস্থ হয়ে পড়ার কারণে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান বিশ্বব্যাংক প্রধানের সাথে তার নির্ধারিত বৈঠকে মিলিত হতে পারেননি।
