২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক মেজর মঈনুলকে সনাক্ত করতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক মেজর মঈনুল ইসলামের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রামের তৎকালীণ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাভার ক্যান্টনমেন্টে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তাদেরকে মেজর মঈনুলের সামনে নিয়ে তাকে শনাক্ত করা, রক্তাক্ত অভ্যুত্থানে তার ভূমিকা ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আটক মেজর মঈনুলের বড় ভাই আমিনুল ইসলাম মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজকে এ তথ্য জানান।

তবে কোন কোন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

“আমি এ বিষয়ে শুনেছি। কিন্তু কোন কোন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানি না,” আমিনুল ইসলাম বলেন।

এদিকে গ্রেপ্তারের পর ২৫ দিন পার হলেও মেজর মঈনুলের বিরুদ্ধে এখনও কোন অভিযোগ গঠন করা হয়নি। জিয়া হত্যাকান্ড এবং পরবর্তীতে সেনাবাহিনী থেকে অবসর না নিয়ে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

আমিনুল ইসলাম জানান, সপ্তাহে এক বা দুইদিন মেজর মঈনুলের সাথে তার পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

“সাভার ক্যান্টনমেন্টে মঈনুল ভালই আছে। তবে শারীরিক কিছু সমস্যা বিশেষ করে দাঁতের ব্যথায় ভুগছে সে,” আমিনুল ইসলাম জানান।

তিনি আরও জানান, যে মেয়ের বিয়ে উপলক্ষ্যে তার ভাই কানাডা থেকে বাংলাদেশে এসেছিলেন, গ্রেপ্তারের কারণে সেই মেয়ের বিয়েও পেছাতে বাধ্য হয়েছেন তারা।

গত ২৬ আগস্ট র‌্যাব-১ এর লেফটেনেন্ট আরমানের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর প্রমিনেন্ট হাউজিংয়ের নিজস্ব ফ্ল্যাট থেকে জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনা কর্মকর্তা মেজর মোজাফফর সন্দেহে মেজর মঈনুল ইসলামকে আটক করে।

পরদিন মেজর মঈনুলের সঠিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সেনা সূত্র জানায়, তার (মেজর মঈনুল) বিরুদ্ধেও জিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সেনাবাহিনীকে অবহিত না করে পালিয়ে যাওয়ার বিষয়েও তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে সেনা কর্তৃপক্ষ।

গ্রেপ্তার করার পর মেজর মঈনুলকে প্রথমে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডের মেস-বি তে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় সাভার ক্যান্টনমেন্টে।

প্রয়াত ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস তার সাড়া জাগানো গ্রন্থ “বাংলাদেশ: এ লিগ্যাসি অব ব্লাড” গ্রন্থে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে মেজর মঈনুলের জড়িত থাকার বর্ণনা করেন। ওই গ্রন্থে দাবি করা হয়, নৃশংস এ হত্যাকাণ্ডের আগের দিন মেজর মঈনুল এবং অন্যরা এ অভ্যুত্থান সফল করার জন্যে কোরআন ছুঁয়ে শপথ করেন।