২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সন্তু লারমাকে ঠেকাতে সমঅধিকারের হরতাল, পুলিশের লাঠিচার্জ

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বান্দরবান সফরকে কেন্দ্র করে শান্তিচুক্তি বিরোধী বাঙালি সেটেলারদের সংগঠন সমঅধিকার আন্দোলনের ডাকা হরতালে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিপেটার ঘটনা ঘটেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টা নাগাদ বিপুল সংখ্যক পুলিশি প্রহরায় সন্তু লারমা বান্দরবান পৌঁছান। শহরে প্রবেশের মুখে বালাঘাটা ও ট্রাফিক মোড়ে হরতালকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পিকেটারদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

পরে টাউন হলে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, পার্বত্যাঞ্চল আমার জন্মস্থান। আমি এ মাটির সন্তান। সরকারিভাবে এ অঞ্চলের প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডের আমি সর্বোচ্চ কর্মকর্তা। অথচ আমাকে বান্দরবানে আসতে না দেওয়ার কর্মসূচি এক শ্রেণীর সাম্প্রদায়িক মহল পাহাড়ে নতুন করে বিষবাষ্প ছড়াচ্ছে।

তিনি বলেন, দেশে একটি অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এবং অপ্রগতিশীল সরকার ক্ষমতায় থাকার কারণে এ ধরণের কর্মকাণ্ড উস্কানী পাচ্ছে।