চিফ হুইপের দুই পুত্রের বিরুদ্ধে নতুন জিডি
চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র আবদুল হামিদ ডাবলু এবং আখতার হামিদ পবনের বিরুদ্ধে বুধবার আবারও সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে রোববার এদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়।
রমনা থানায় গুডলাক রিয়েল এস্টেট এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী মনুর দায়ের করা জিডিতে বলা হয়, ‘মামলা দায়ের করার পর থেকে দু’ভাই টেলিফোনে আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে’।
তারা এখন নিরাপত্তহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।
এর আগে রোববার গুড লাক শপিং রিয়েল এস্টেটের পরিচালক ও মোতালেব প্লাজার চার দোকান মালিক বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। মামলার বাদীরা হচ্ছেন, মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের সভাপতি মোখতার হোসেন পলাশ এবং দোকান মালিক এমএ জহির, আবদুস সেলিম, আবদুর রহিম ডালিম, আবদুল কাদের ওরফে ফয়সল ও সাঈদ আহমদ।
মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের সভাপতি মোখতার হোসেন পলাশ অভিযোগ করেন, চীফ হুইপের পুত্ররা মার্কেটের ছয় তলায় ১৪০ টি দোকান দখল করে রেখেছে এবং মার্কেটের প্রত্যেক দোকান মালিকের কাছে ৫/৬ লাখ টাকা চাঁদা চেয়েছে।
মার্কেটের দোকান মালিকরা অভিযোগ করেন, সাত তলার মসজিদ দখল করে সেখানে তারা কার্যালয় তৈরি করেছে। মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের সভাপতি মোখতার হোসেন পলাশ আরও অভিযোগ করেন, চিফ হুইপ পুত্র পবন এবং তার ক্যাডার ইকবাল হোসেন ওরফে রাজু নিজেদের মার্কেট অ্যাসোসিয়েশনের ২০০২ সালের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেছে।
