সিপিবি ১৮ তারিখের হরতালে অনড়
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৮ সেপ্টেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালনের ব্যাপারে সোমবারও তাদের অবস্থানে অনড় থাকে।
যদিও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ১৮ তারিখের বদলে ২১ সেপ্টেম্বর হরতাল ডেকেছে।
সিপিবি নেতৃবৃন্দ সোমবার এক সংবাদ সম্মেলনে তাদের আগের সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেন। সম্মেলনে সিপিবি নেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জোটের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে হরতালের তারিখ নির্ধারণে দ্বিধা দ্বন্দ্বে ভোগার জন্য আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন।
পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম তার লিখিত বক্তব্যে বলেন, প্রস্তাবিত হরতালের তারিখ বারবার পরিবর্তন করার মধ্য দিয়ে বিরোধী দলগুলোর আন্দোলনে জোটের মধ্যকার দ্বিধা দ্বন্দ্ব ও সংকট প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, এটি শিশুসুলভ ও হাস্যকর কাণ্ড। তিনি আরও বলেন, সরকার বিরোধী আন্দোলনের ব্যাপারে বিরোধী দল বারবার পিছু হটে আসায় আন্দোলন বাধাগ্রস্ত হচ্ছে।
১৮ তারিখের হরতাল পরিবর্তন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কাছে অস্ট্রেলীয় রাষ্ট্রদূত যে চিঠি পাঠিয়েছেন, মুজাহিদুল ইসলাম সেলিম তার নিন্দা করেন। ঢাকায় ওইদিন কমনওয়েলথের নির্ধারিত অনুষ্ঠান ‘কুইন’স ব্যাটন রিলে’ থাকায় অস্ট্রেলীয় দূতাবাস এ আহ্বান জানায়।
সিপিবি ওই রিলে কর্মসূচি এবং অন্যান্য জরুরী সার্ভিস হরতালের আওতা বহির্ভূত রাখার ঘোষণা দেয়।
সিপিবি বিরোধী জোটের অন্যান্য দলকে ১৮ তারিখেই হরতাল পালনের আহ্বান জানায়।
সিপিবি সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচিও ঘোষণা করে। এর মধ্যে রয়েছে, ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং ২২ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ।
সম্মেলনে পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, মাহবুব আলম ও চন্দন শিদ্ধান্ত উপস্থিত ছিলেন।
