দেশের বর্তমান অবস্থায় জাতীয় সরকার খুবই জরুরি : জাতীয় ঐক্য মঞ্চ
জাতীয় ঐক্য মঞ্চের (জেওএম) নেতৃবর্গ সরকারকে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে অচিরেই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
তাদের উল্লেখিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে রয়েছে দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার ঘটনাসহ সন্ত্রাস, দ্রব্য মূল্য বৃদ্ধি, দূর্নীতি ও বিচার বিভাগের পৃথকীকরণ।
রোববার জেওএম’র এক সংবাদ সম্মেলনে এর চেয়ারম্যান ও গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. বি চৌধুরী এ দাবি জানান।
তারা বলেন, দেশ আজ যে সংকট মোকাবেলা করছে তা থেকে উত্তোরণের জন্য যদি কোন জাতীয় সরকার গঠন করা হয় তবে তারা সেখানে যোগদানে প্রস্তুত আছেন। তারা জোর দিয়ে বলেন, দেশের বর্তমান অবস্থায় জাতীয় সরকার খুবই জরুরি।
জেওএম নেতৃবৃন্দ মনে করে বিভিন্ন ইস্যুতে সরকারের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তারা সংসদকে অধিক কার্যকর এবং জবাবদিহিতামূলক করার প্রতি গুরুত্বারোপ করে।
ড. কামাল বলেন, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনা জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
তিনি বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে এসিসি গঠন করেছে , কিন্তু বর্তমানে এর কার্যক্রম নেই বললেই চলে।
সাপ্তাহে দুইদিন ছুটি সম্পর্কে তিনি বলেন, এতে সমস্যা সমাধানের চেয়ে বরং খারাপই হয়েছে।
প্রধানমন্ত্রী সারাদেশ জুড়ে ধারাবাহিক বোমা হামলার ঘটনার ২১ দিন পর জাতীয় সংসদে তার উপযুক্ত ব্যখ্যা দিতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে বি চৌধুরী বলেন, তার বক্তব্য নিরাপত্তা ভাবনার পরিবর্তে জনগণকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে।
