২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সৌদি ব্যবসায়ীর বৈঠকে বিনিয়োগ ও জনশক্তি রফতানি নিয়ে আলোচনা

সৌদি আরবের বিশিষ্ট শিল্পপতি ও সেখানকার শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আল তাওয়াহ্ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ্ আল গোপালি শনিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে দেখা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এসময় তারা দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বিনিয়োগ ও জনশক্তি রফতানি এবং সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বিডিনিউজকে জানান, সৌদি ব্যবসায়ী শেখ হাসিনাকে জানিয়েছেন, বাংলাদেশের আরও প্রচুর সংখ্যক দক্ষ শ্রমিক সেখানে কাজ করতে পারে। এ ব্যাপারে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। তবে এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসেরও অনেক ভূমিকা পালন করার রয়েছে। তিনি বিরোধী দলীয় নেতার কাছে ব্যবসা-বাণিজ্য উন্নয়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনা সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

নানক ছাড়াও যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, আল তাওয়াহ্ গ্রুপের পরিচালক এমএ সোবহান হোসেন ভুঁইয়া, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ এবং জনশক্তি রফতানিকারকদের প্রতিষ্ঠান বায়রা’র ভাইস চেয়ারম্যান আবুল বাসার এসময় উপস্থিত ছিলেন।