২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদ অধিবেশন, আওয়ামী লীগ যথারীতি যাচ্ছে না

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। এ অধিবেশনেও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যথারীতি যোগ দিচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সংসদের চলতি অধিবেশনে ১৭ আগস্টের দেশব্যাপি সিরিজ বোমা হামলা ছাড়াও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও হাইকোর্টের রায় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসব ইস্যুতে সংসদে ভাষণ দিতে পারেন।

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৩৬ জন সাংসদ অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন।

অপরদিকে সরকার আবারো আওয়ামী লীগকে সংসদে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ ইতোমধ্যে সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ভাষ্য মতে, সংসদ বোমা হামলার পরবর্তী লক্ষ্য হতে পারে।

মঙ্গলবার সুধা সদনের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনা বলেন, সংসদেও বোমা হামলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আমরা কি করে আমাদের সাংসদদের অধিবেশনে যোগ দিতে বলি?

তিনি আরো বলেন, আমি নিজেও সংসদে বোমা হামলার শিকার হতে পারি।

আওয়ামী লীগ এ বছরের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় সাংসদ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ওপর সংসদের অধিবেশন মূলতবি করে আলোচনা দাবি করে। কিন্তু দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে তারা সংসদ বর্জন শুরু করে।

এদিকে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তাদের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে আবারো আহ্বান জানিয়েছেন।

ক্ষমতাসীন দলের কয়েক জন সাংসদ বিডিনিউজকে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবারের অধিবেশনে আলোচনা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তোপের মুখে পড়তে হতে পারে।

এবারের অধিবেশন বেশ কয়েকটি বিল উত্থাপন হতে পারে। এর মধ্যে রয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল, ২০০৫’, ‘বীজ (সংশোধন) বিল, ২০০৫’, ‘দি কোড অব কোর্টস অব ওয়ার্ড, ২০০৫’, ‘দি ব্যাংক কোম্পানি বিল, ২০০৫’, ‘দি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন (সংশোধন) বিল, ২০০৫,।

এছাড়াও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, সাংসদ ও বিচারপতিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল এ অধিবেশনে উত্থাপন হতে পারে বলে জানা গেছে।