হাসিনার সাথে আয়ারের সৌজন্য সাক্ষাতে পুরনো স্মৃতি রোমন্থন
সফররত ভারতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসসম্পদ মন্ত্রী মণি শংকর আয়ার সোমবার সন্ধ্যায় সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধাসদনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে মনি শংকর আয়ার বলেন, প্রস্তাবিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন বিষয়ে আমি তার সহায়তা কামনা করেছি। যদিও বিষয়টি মূলতঃ নির্ভর করে সরকারের ওপর।
সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি জানান যে বৈঠকে মূলতঃ অতীত স্মৃতিচারণাই বেশি হয়েছে।
ঊনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আয়ার ছিলেন ভারতের পররাষ্ট্র সার্ভিসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ডেস্ক অফিসার। স্বাধীনতার পর ১৯৭২-এ কলকাতায় ব্রিগেড প্যারেড মাঠে বঙ্গবন্ধুুর বিশাল সম্বর্ধনা তিনি প্রত্যক্ষ করেছেন। আবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় তিনি ছিলেন ব্রাসেলসে ভারতীয় দূতাবাসে কর্মরত, আর সে সময় সেখানে অবস্থানরত শেখ হাসিনা ও শেখ রেহানার সাথেও তার দেখা হয়েছিলো।
সোমবার শেখ হাসিনার সাথে সাক্ষাতে এসব পুরনো স্মৃতির প্রসঙ্গই ঘুরে ফিরে এসেছে বলে মণি শংকর আয়ার সাংবাদিকদের জানিয়েছেন।
আয়ার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং শেখ হাসিনার মধ্যকার গভীর পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং সোনিয়া গান্ধির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান।
সেই সাথে তিনি মত প্রকাশ করেন যে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রতিবেশি দেশসমূহে সফরকালে সংশ্লিষ্ট দেশের বিরোধী দলের নেতার সাথে দেখা করার প্রথাটি চমৎকার এবং তা অব্যাহত থাকা উচিত।
এদিকে এ বৈঠকে ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন ইস্যু আলোচনার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের জানান যে এ বিষয়ে শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সাক্ষাৎকালে জলিল ছাড়াও ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি এবং শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও তানজিম হোসেন সোহেল তাজ এমপি উপস্থিত ছিলেন।
