সকল গ্রেনেড ও বোমা হামলাকারিদের বিচার হওয়া উচিত : শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ইইউ কমিশন প্রধান
ইউরোপীয় কমিশনের প্রধান ও বিদায়ী রাষ্ট্রদূত এস্কো কেনট্রস্কিনস্কিজ ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলাসহ সকল গ্রেনেড ও বোমা হামলাকারিদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এসকো বলেন, ওই সকল ঘৃণ্য ও নৃশংশ ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ তদন্ত ও দুষ্কৃতিকারীদের জরুরি ভিত্তিতে বিচারের আওতায় আনা উচিত।
সুধাসদনে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা বিদায়ী রাষ্ট্রদূতকে দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, দেশে আইনের শাসন নেই।
বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। মানুষ বিচার পাচ্ছে না। দেশে কার্যত একটা অচলাবস্থা বিরাজ করছে।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, সরকার সরাসরি উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে। তাই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, দেশে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন ছাড়া সরকারের জবাবদিহিতা ও গনতন্ত্র নিশ্চিত করা যাবে না। তাই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তরায়ন জরুরি।
