তোমরা সরকারকে বেশি চাপ দিও না: স্ত্রীর সঙ্গে টেলিফোনে গ্রেপ্তারকৃত মে. মইনুল
‘তোমরা সরকারকে বেশি চাপ দিও না। আমি ভাল আছি। আমাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সাভার ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে।’
স্ত্রী রওশন আরা হোসেনের সাথে রোববার দুপুরে মোবাইলে একথা বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত মেজর মইনুল ইসলাম। কেন সাভার নেওয়া হবে, রওশন আরার এ প্রশ্নে মোবাইল ফোনের অপর প্রাপ্ত থেকে কোনো উত্তর আসেনি।
র্যাব সদস্যদের হাতে শুক্রবার গ্রেফতার হওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর মইনুলের ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। একটি সূত্র জানায়, তাকে ৪৬ ব্রিগেড, মেস-‘বি’-তে রাখা হয়েছে। অপর একটি সূত্র জানায়, তাকে ১৭ বেঙ্গল-এ ক্লোজ অবজার্ভেশনে রাখা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর থেকে দুদিনে স্ত্রী রওশন আরা ছাড়া আর কারো সাথে মেজর মইনুল ইসলামকে কথা বলতে দেওয়া হয়নি। এছাড়া মিলিটারি পুলিশ হেফাজতে নেয়ার পর স্ত্রী রওশন আরাও তার সাথে দেখা করতে পারেননি।
গ্রেপ্তারকৃত মেজর মইনুল ইসলামের স্ত্রী রওশন আরার সাথে মেজর মইনুলের সর্বশেষ অবস্থা নিয়ে রোববার দুপুরে তাদের মোহাম্মদপুরের প্রমিনেন্ট হাউজিংয়ের ফ্ল্যাটে কথা হয়।
বিডিনিউজ-এর সাথে আলাপকালে রওশন আরা বলেন, তার সাথে কথা বলার সময় মনে হয়েছে তিনি ভালই আছেন। শুক্রবারও (২৬ আগস্ট গ্রেপ্তারের পরও) তার সাথে আমার কথা হয়েছিল।
রওশন বলেন, আজ (রোববার) দুপুর ১২টার দিকে ব্রিগেডিয়ার সাঈদ মোবাইলে ফোন করে বলেন, ভাবি, স্যরের সাথে কথা বলেন। ব্রিগেডিয়ার সাঈদ ফোনটা আমার স্বামীকে দিলে তার সাথে কথা হয়। কিন্তু বেশি সময় কথা হয়নি।
রওশন আরো বলেন, তিনি এখন কোথায় আছেন, তা আমি জানি না।
এদিকে মেজর মইনুল ইসলামকে গ্রেপ্তারের পর দু’দিন পার হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও দাপ্তরিকভাবে কোনো বক্তব্য প্রদান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মইনুলের স্ত্রী এবং বড় দু’ভাই আমিনুল ইসলাম ও শহীদুল ইসলাম।
রওশন আরা বলেন, গ্রেপ্তারের পর শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার সাঈদ আমাকে বলেছিলেন, ভাবি উনি যদি মেজর মোজাফফর না হন, তাহলে দু’দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখনও আমার স্বামীকে তারা ছাড়েনি।
রওশন আরা আরও বলেন, আটকের পর ব্রিগেডিয়ার সাঈদকে আমি বলেছিলাম, আমি কার সাথে যোগাযোগ করবো? তখন ব্রিগেডিয়ার সাঈদ মেজর শাকিলকে (১৭ বেঙ্গল) বলেন, তার (শাকিলের) ফোন নম্বর আমাকে দিতে।
রওশন বলেন, আমি যখনই মেজর শাকিলকে ফোন করি, তিনি আমাকে বলেন, স্যরের (ব্রিগেডিয়ার সাঈদ) সাথে কথা বলেন।
রওশন আরা দাবি করেন, জিয়া হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের তালিকায় তার স্বামীর নাম ছিলো না। এমনকি চার্জশিট কিংবা সামরিক বিচারে যে ক’জনকে ফাঁসি বা অন্য দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তাতেও তার স্বামীর নাম ছিলো না।
মেজর মইনুল ইসলামের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, যদি অভিযুক্তদের প্রাথমিক তালিকা, চার্জশিট বা দণ্ডাদেশপ্রাপ্তদের তালিকায় আমার ছোট ভাই মেজর মঈনুল ইসলামের নাম থাকতো, তাহলে অবশ্যই আমরা সে সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের চেষ্টা করতাম।
‘কিন্তু আমার ভাই নির্দোষ বলেই কখনও সে সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের চেষ্টা করিনি’, তিনি বলেন।
রওশন আরা বলেন, ১৯৮১ সালে জিয়া হত্যাকাণ্ডের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেনাবাহিনী থেকে অবসর না নিয়েই তার স্বামী মেজর মইনুল হোসেন দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান।
রওশন আরা দাবি করেন, ১৯৮১ সালে মেজর মইনুল সিলেটে ইনফেন্ট্রি স্কুল অব প্র্যাকটিস এ প্রশিক্ষক হিসেবে ছিলেন। হত্যাকাণ্ডের সময় তিনি ছুটিতে ছিলেন।
তিনি জানান, মেজর মইনুল হোসেন ২০০৩ সালে সর্বশেষ বাংলাদেশে আসেন। দেশে এক মাস থেকে অক্টোবরে আবার চলে যান।
মেজর মইনুলের আদি বাড়ি পশ্চিমবঙ্গের হুগলীতে। দেশ বিভাগের পর তার পরিবার দেশে চলে আসে। ঢাকাতেই তার জন্ম। বরিশাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে যুদ্ধ করেন। যুদ্ধকালে তিনি ৯ অক্টোবর ভারতের দেরাদুনে প্রবাসী বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর প্রথম ব্যাচ-ফার্স্ট ওয়ার কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।
