শুল্কমুক্ত গাড়ি নাগালের বাইরে থাকায় হতাশ সম্ভাব্য মহিলা এমপিরা
সরকারের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সীমিত করার সিদ্ধান্তে শনিবার হতাশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের কয়েকজন।
ছাত্রদলের সাবেক নেত্রী হেলেন জেরিন খান বিডিনিউজকে বলেন, হঠাৎ করে সরকার কেন এ সিদ্ধান্ত নিলেন, জানি না। আমরা যারা সংসদে বসতে যাচ্ছি, তারা এ ব্যাপারে অবশ্যই প্রতিবাদ জানাব।
তিনি বলেন, এ ব্যাপারে তারা পার্টি ফোরামে আলোচনা করবেন এবং প্রয়োজনে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করবেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২২ আগস্ট এক প্রজ্ঞাপনে জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেতে হলে সদস্য হিসেবে তাদের দুই বছর অতিক্রান্ত হতে হবে।
অস্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ২৮ অক্টোবর। এর মেয়াদ শেষ হতে বাকি আছে আর মাত্র ১৪ মাস ।
সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হবেন, তারা ৮ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। বর্তমান সংসদ ইতোমধ্যে চার বছর অতিক্রম করায় তাদের মেয়াদ হবে খুব অল্প সময়ের।
বিএনপির অপর নারী প্রার্থী সুলতানা আহমেদ এসেছিলেন নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র দাখিল করতে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, নারী দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার এবং এখন আমরা সংসদের অভ্যন্তরেও বঞ্চনার শিকার হতে যাচ্ছি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি মনে করি, আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমরা বিষয়টি নিয়ে পার্টি ফোরামে আলোচনা করব এবং পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে আসা বিএনপির আরও এক প্রার্থী শাহানা রহমান রানী বলেন, এক দিক থেকে এটিও এক ধরনের বঞ্চনা। কম সময়ের জন্য সংসদে গেলেও আমরা এ সুবিধা চাই।
তিনি বলেন, আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান দলীয় সদস্যদের সাথে দ্বিমত প্রকাশ করে বলেন, সরকারের এ সিদ্ধান্ত সঠিক বলেই তিনি মনে করেন।
তিনি বলেন, গাড়ির জন্য আমরা সংসদে যাই না। শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়টি কাটছাট করাটা কোনও সমস্যা নয়। সদস্য হওয়ার জন্য আমরা জাতীয় সংসদে এসেছি। আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। আমি মনে করি না, শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়টি শর্তসাপেক্ষ হওয়ায় আমাদের অধিকার ক্ষুন্ন হবে।
মনোনয়নের জন্য চড়া মূল্য দিতে হলেও উচ্চাভিলাষী অনেক নারীই সংসদ সদস্য হওয়ার বিষয়টিকে লাভজনক বিবেচনায় প্রবল উৎসাহ পোষণ করছিলেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বিএনপির প্রত্যেক প্রার্থীকে তিন লাখ ৪০ হাজার টাকা করে জামানত দিতে হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের জন্য বিএনপির এক নারী প্রার্থী পাঁচ হাজার টাকা প্রদান করেছেন এবং অপর এক প্রার্থী মনোনয়ন দাখিলের সময় প্রদান করেন ২৫ হাজার টাকা।
এছাড়া ৩০ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের প্রত্যেককে দলীয় তহবিলে তিন লাখ টাকা দিতে হবে।
