জিয়া হত্যার আসামি মেজর মোজাফ্ফর গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার সন্দেহভাজন আসামি মেজর (অব.) মোজাফফরকে র্যাব এর একটি বিশেষ দল মোহাম্মদপুর এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা সূত্র দাবি করে, মেজর মোজাফফরকে মোহাম্মদপুর এলাকা থেকে জুম্মার নামাজের আগে গ্রেপ্তার করা হয়েছে। মেজর মঈনুল নাম নিয়ে ওই এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি।
তবে মোহাম্মদপুরের কোন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ বা গোয়েন্দা সংস্থা।
একটি সূত্র দাবি করে যে, মেজর মোজাফ্ফর গত ২০ আগস্ট কানাডা থেকে দেশে ফিরে মোহাম্মদপুরে আত্মগোপন করেছিলেন।
মোহাম্মদপুর থানার সেকেন্ড অফিসার গ্রেপ্তারের খবর স্বীকার করেছেন।
র্যাব-১ এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা এখনও মেজর মোজাফফরের পরিচয় এর ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে আমরা সন্দেহ করছি তিনিই মেজর মোজাফফর।
র্যাব সদর দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেহেতু তিনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, তাই তাকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব, সামরিক গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সূত্র জানায়, র্যাব-১ এর একটি বিশেষ দল তাকে জুম্মার নামাজের আগে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং সন্ধ্যা ৬টার দিকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করে।
সূত্র জানায়, মেজর মোজাফফর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার একজন অভিযুক্ত আসামি।
১৯৮১ সালের ওই হত্যাকান্ডের পর তিনি দেশ ছেড়ে কানাডা চলে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেন।
১৯৯৯ সালে মেজর মোজাফফর বাংলাদেশে ফিরে আসেন এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে ‘মার্সি পিটিশন’ দাখিল করেন।
মার্সি পিটিশন গ্রহণ না হওয়ায় তিনি আবার কানাডায় ফিরে যান বলে সূত্র জানায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা অফিসারদের হাতে নিহত হন।
হত্যাকান্ডের পর তৎকালীন ডিবি’র সহকারী কমিশনার চট্টগ্রাম কোতোয়ালি থানায় ওই বছরের পহেলা জুন ১০ জন সেনা অফিসারকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এম এ মনজুরকে প্রধান আসামি করা হয়। ইতিহাসের রক্তাক্ত এই অভ্যুত্থানের মাত্র দুই দিন পর ফটিকছড়ির এশিয়া টি গার্ডেন থেকে মনজুরকে সেনা অফিসাররা আটক করে চট্টগ্রামে ফিরিয়ে আনার পথেই তাকে হত্যা করা হয়।
জিয়া হত্যাকান্ডে অন্যান্য অভিযুক্তরা হলেন-কর্ণেল দেলোয়ার হোসেন, লে. কর্ণেল ফজলে হোসেন, মেজর মনির, মেজর দোস্ত মোহাম্মদ, মেজর মোজাফফর, মেজর রেজাউল করিম, ক্যাপ্টেন রফিকুল হাসান খান, ক্যাপ্টেন ইলিয়াস এবং ক্যাপ্টেন জামিল হক।
চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করা মামলা হত্যাকান্ডের ২০ বছর পর ২০০১ সালে খারিজ করা হয়। মুখ্যমহানগর দায়রা জজ এম আবদুল মালেক হত্যাকান্ডের চূড়ান্ত রিপোর্ট ২০০১ সালের ১২ সেপ্টেম্বর গ্রহণ করেন।
জজ তার আদেশে বলেন, যেহেতু ১০ জনকে ইতিমধ্যেই সামরিক আদালতে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেহেতু তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার কোন প্রয়োজন নেই।
