২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রসমাজসহ দেশবাসীকে সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আ. লীগ নেতৃবৃন্দের আহ্বান

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি ছাত্রসমাজসহ সর্বস্তরের দেশবাসীকে জোট সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, উনসত্তর, একাত্তরের মতো আরেকবার যুদ্ধের জন্য সকলে প্রস্তুত হন। আসুন, ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বিএনপি জামাত জোটের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করি।

বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর ছাত্রলীগ (উত্তর) আয়োজিত এ সভায় বক্তৃতাকালে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, জোট সরকারের ছত্রছায়া ও প্রত্যক্ষ মদদে উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে তারা দেশকে ধ্বংস করছে।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন-আরেকবার গর্জে উঠে আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে জোট সরকারকে উৎখাত করি। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

মোহাম্মদ ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আলহাজ্ব মকবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।