সরকার ও বিরোধী-দুদলই বোমা হামলা করছে: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম বলেছেন, এ সরকারের আমলে কোনো বোমা হামলার কিনারা না হওয়ায় বোঝা যাচ্ছে, সরকার ও বিরোধী-দুদলই বোমা হামলা করছে।
অথচ মাদ্রাসার নিরীহ আলেম ছাত্র ও টুপি দাড়িওয়ালাদের গ্রেফতার ও নির্যাতন করছে। এটা জোট সরকারের জন্যে কল্যাণ বয়ে আনবে না।
সোমবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদবাজি বাজারে এক সমাবেশে তিনি একথা বলেন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন মওলানা আতাউর রহমান ও মুফতি হাবিবুর রহমান।
চরমোনাই পীর ফজলুল করিম বলেন, জামায়াতে ক্ষমতায় থাকা অবস্থায় মসজিদ ও মাদ্রাসায় বোমা খোঁজা এবং আলেম-ওলামাদের নির্যাতনই প্রমাণ করে, তারা ইসলামের জন্যে কাজ করছে না।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন চরম হুমকির মুখে। ভারত বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়। বোমা হামলার মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার ক্ষেত্র তৈরি করছে। এসব হামলার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।
সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, সরকার এসব ঘটনার দোষীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ এই সরকারের পদত্যাগ চায়।
