নিজামীর বক্তব্যে সমালোচনার ঝড়: বিএনপিসহ শরিকরা ক্ষুব্ধ
দেশব্যাপী বোমা হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’কে দায়ী করে দেওয়া শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর বক্তব্যে জোট সরকারের শরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সূত্র জানায়, নিজামীর বক্তব্য প্রতিবেশী ভারতকে ক্ষুব্ধ করেছে এবং বিএনপিসহ চারদলীয় জোটের শীর্ষ নেতারা তার বক্তব্যের দায়িত্ব নিতে চাচ্ছেন না।
বিএনপির এক সিনিয়র নেতা বিডিনিউজকে জানান, প্রধানমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীরা যখন এ হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন, ঠিক তখনই নিজামীর এ ধরনের বক্তব্যের কারণে গোটা পরিস্থিতিই ঘোলাটে হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ স্থানীয় ওই নেতা বলেন, এর কোনও মানে হয় না। এ ধরনের মন্তব্যে পারস্পরিক দোষারোপের পাল্লাই ভারী হবে। জড়িতদের খুঁজে বের করার স্বার্থেই আমরা এ ধরনের দোষারোপ করার বিষয়টি এড়িয়ে যাওয়া প্রয়োজন।
ক্ষমতাসীন বিএনপির অন্যতম সহযোগী জামাতের আমির মতিউর রহমান নিজামী শনিবার এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী বোমা হামলার ঘটনায় দুটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে দায়ী করে বক্তব্য রাখেন। ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ১৭ আগস্টের বোমা হামলার ঘটনার ‘নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে’ বলে তিনি উল্লেখ করেন।
বোমা হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রির বক্তব্যকে দায়ী করেন এবং উপহাস করে তিনি বলেন, তারা চায় না বাংলাদেশ ও চীনের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। এ কারণেই প্রধানমন্ত্রীর চীন সফরের সময় তারা এ হামলা চালিয়েছে।
জামাতের মতে, বীণা সিক্রি ভারতীয় একটি টিভি চ্যানেলে দেওয়া এক বক্তব্যে বলেন, যারা ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চায় তারাই এ ধরনের হামলা চালিয়েছে।
কিন্তু রোববার কূটনৈতিক প্রতিবেদকরা প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের কাছে জানতে চাইলে তিনি রাগী কণ্ঠে বলেন, সরকারের মুখপাত্র হিসেবে নয়, তিনি জামায়াতের আমীর হিসেবে এ মন্তব্য করেছেন। বিএনপি বিএনপিই আর জামায়াত জামায়াতই। তারা প্রত্যেকেই নিজস্ব মন্তব্য করতে পারে।
ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বিডিনিউজকে বলেন, তদন্ত শেষ হওয়ার আগে জামায়াতের আমীর কোনও তথ্যপ্রমাণ ব্যতিরেকে প্রতিবেশী দেশকে দায়ী করে এ ধরনের মন্তব্য করতে পারেন না।
আমিনী বলেন, কেন বা কিসের ভিত্তিতে তিনি এ ধরনের মন্তব্য করলেন তা আমি জানি না। তার মন্তব্যের কারণ খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, আমাদের যুক্তিতে মনে হয়, ইসলাম বিরোধী আওয়ামী লীগ, ১৪ দল এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এ হামলার জন্য দায়ী।
নিজামীর এ মন্তব্য প্রতিবেশী ভারতকেও ক্ষুব্ধ করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক তীক্ততার সৃষ্টি করতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিংয়ের সফরের ফলে দু দেশের সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটে। কিন্তু নিজামীর মন্তব্যে ভারত কঠোর ভাষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার এ ধরনের মন্তব্যের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় একজন মন্ত্রীর এ ধরনের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্যের কারণে ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে।
একটি কূটনৈতিক সূত্র জানায়, যখন বাংলাদেশ ও ভারত পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে খারাপ সময় পার হয়ে এসেছে এবং সম্পর্ক উন্নয়নে গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে, তখন এ ধরনের মন্তব্য দু দেশের সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে।
