২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের পতন ও জনগণের সরকার গঠনের শপথের মধ্য দিয়ে সারাদেশে ১৪ দলের সন্ত্রাসবিরোধী মিছিল সমাবেশ

একুশ আগস্টের শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জোট সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার গঠনের দৃপ্ত শপথ উচ্চারণের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ ১৪ দল রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিকেল ৫টা ২২মিনিটে (গত বছর গ্রেনেড হামলার সময়) বের হয় রাজনৈতিক সন্ত্রাসবিরোধী বিশাল মিছিল। হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

এখানে আলোক প্রজ্বলন শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রজ্বলিত মোমবাতি হাতে শপথ পাঠ করেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ শপথ পরিচালনা করেন।

শপথ বাণীতে বলা হয়, গত বছরের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয়। তাদের রক্তের সিঁড়ি বেয়ে বিএনপি জামাত জোট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ্।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় ২১ আগস্টের শহীদদের স্মরণে রোববার সকালে উদ্বোধনকৃত স্মৃতি ফলকের পাশে নির্মিত মঞ্চ থেকে এ অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।

এসময় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

এর আগে মুষলধারে বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন ও সাম্যবাদি দলের আবু আহমেদ সাহাবুদ্দিন এতে বক্তব্য রাখেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণফোরামের পংকজ দেবনাথ, গণতন্ত্রী পার্টির আজিজুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ্ এমপি, সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন।

২১ আগস্টের গ্রেনেড হামলার শিকার মহিলা আওয়ামী লীগ নেত্রী রাশেদা আক্তার রুমা হুইল চেয়ারে করে সমাবেশে অংশ নেন।

১৪ দলের মিছিলে নেতাকর্মীরা কালো পতাকা, ২১ আগস্টের নিহতদের ছবি সম্বলিত ও বিভিন্ন দাবিতে লেখা পোস্টার, ব্যানার এবং প্ল্যাকার্ড বহন করেন।

সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে ২১ আগস্টের গণহত্যা ও শহীদ পরিবারের সাক্ষাতকারভিত্তিক ‘মৃত্যু নয় জীবন চাই’ শীর্ষক ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করা হয়। সোম, মঙ্গল ও বুধবার সন্ধ্যায়ও এ ভিডিও চিত্র প্রদর্শিত হবে।

দেশের সকল জেলা ও উপজেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হয়।