২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে ফরিদপুর-১ উপ নির্বাচন

ফরিদপুরের উপ নির্বাচন নিয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সভা সমাবেশ থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হচ্ছে। ফলে নির্বাচন ক্রমেই জমে উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 08:27 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আগামী ৩০ আগস্ট ওই আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বতন্ত্র প্রার্থী মুফতি শরাফত হোসাইনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে বিএনপি প্রার্থী শাহ মো. আবু জাফরের নির্বাচন এজেন্ট অ্যাডভোকেট সিরাজুল ইসলাম গত ১৮ ও ২০ আগস্ট তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে ২০ আগস্ট মুফতি শরাফত হোসাইন প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অ্যাডভোকেট সিরাজুল ইসলামের অভিযোগে বলা হয়েছে, মুফতি শরাফত ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করছেন। এরইমধ্যে তিনি আল মারকাজুল ইসলাম নামে একটি এনজিও’র মাধ্যমে এলাকার সড়ক নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ভোটারদের মধ্যে বিতরণের জন্য ৫০০ টিউবওয়েল কিনে স্থানীয় সোতাশী মাদ্রাসায় মজুদ রেখেছেন।

অন্যদিকে শরাফত হোসাইন তার লিখিত অভিযোগে বলেছেন, বিএনপি প্রার্থী নির্বাচনে ভোট কারচুপির নীল নকশা করছেন। এর অংশ হিসেবে তিনি প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্টদের নিয়োগে প্রশাসনকে প্রভাবিত করছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা তাকে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

মুফতি শরাফত হোসাইন বিডিনিউজের সাথে আলাপকালে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ অস্বীকার করে বলেন, হারাম দেওয়া বা নেওয়া আমার ও আমার দলের নীতি বিরোধী।

রোববার বিএনপি প্রার্থী শাহ আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী মুফতি শরাফত হোসাইন দুজনই মধুখালি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

শাহ আবু জাফর সকালে মধুখালির কামারখালিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। পরে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে আশাপুর, পঞ্চপল্লী, মিখাইল, বাগাট, মেগচামি ও গাজনা এলাকায় গণসংযোগ করেন।

একই দিন স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শরাফত হোসাইন মধুখালির কামালদিয়া, পাশা, কাপাসিয়া, মাকরাইল, মেহেরদিয়া এলাকায় কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন এবং গণসংযোগ করেন।

এদিকে বহুল আলোচিত প্রার্থী কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা কৃষক মোহাম্মদ সাদেক শনিবার থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তিনি একাই তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেই ভোটারদের সাথে কুশল বিনিময় ও পরিচিত হয়ে নিজের প্রচারপত্র বিলি করছেন।

তিনি একা একাই খালি জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন।

তার এ ধরণের বক্তব্য ও প্রতিশ্রুতি স্থানীয় ভোটার ও জনগণের মধ্যে হাসির খোরাক জোগাচ্ছেন।