শ্রদ্ধা ভালবাসায় ২১ আগস্টের শহীদদের স্মরণ করলেন শোকার্ত মানুষ
শোকার্ত ও বিক্ষুব্ধ জনতা রোববার পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন ২১ আগস্টের শহীদদের।
রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু এভিনিউয়ে সদ্য স্থাপিত স্মৃতি ফলকের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান।
গত বছর এ দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে উপর্যুপরি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বেঁচে যান অল্পের জন্যে। ওই ঘটনায় আহত হন তিন শতাধিক। কিন্তু নারকীয় এ হত্যাযজ্ঞের বিচার হয়নি আজও।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সকাল ১১ টা ১০ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ে পৌঁছে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে স্মৃতি ফলক উদ্বোধন করেন। এরপর দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
স্মৃতি ফলক উদ্বোধনের পর শেখ হাসিনার বক্তব্য শেষে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন, ১১ দল, জাসদ ও ন্যাপ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ উপলক্ষ্যে আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্টের নৃশংস ঘটনার আলোকচিত্র প্রদর্শন করে।
