২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের আগে নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করতে সরকারের ওপর ইসলামী দলগুলোর চাপ

চারদলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে শরীক ইসলামী দলগুলোর পক্ষ থেকে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনার তদন্ত না করে কোনো দলের নেতাকর্মী এবং মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি না করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বৈঠকে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনাকে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত, দেশকে অকার্যকর ও মৌলবাদী রাষ্ট্র প্রমাণ এবং বিনিয়োগ ব্যাহত করার অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা আদায়ে সুপরিকল্পিত হামলা বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলি রোডের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন।

সভায় জামায়াতে ইসলামীর পক্ষে আলী আহসান মুজাহিদ, জাতীয় পার্টির (বিজেপি) দুই অংশের মহাসচিব সাইফুর রহমান ও নূর মোহাম্মদ খান এবং ইসলামী ঐক্যজোটের তিন অংশের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, আব্দুল লতিফ নেজামী, আহমদ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

তবে শায়খুল হাদীস আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের কোনো নেতা বৈঠকে ছিলেন না। আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন অংশকে আমন্ত্রণ জানানোর কারণে তারা বৈঠকে যোগ দেননি বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী বিডিনিউজকে জানান, দেশে জামায়াতুল মুজাহেদিন নামে কোনো রাজনৈতিক সংগঠনের অস্তিত্ব নেই। হামলাকারিরা ইসলামী দলগুলোর ভাবমূর্তি বিনষ্ট করতে অত্যন্ত পরিকল্পিতভাবে এ নামটি ব্যবহার করেছে।

তিনি বলেন, বৈঠকে ইসলামী দলগুলোর পক্ষ থেকে ঘটনার পুরো তদন্ত না হওয়া পর্যন্ত কোনো দলের নেতাকর্মী এবং মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। এতে ইসলামী দলগুলোর মনোভাব সরকারকে জানিয়ে দিতে বিএনপি মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে বিএনপি ও অন্য দলগুলোর কেউ কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, বৈঠকে ১৭ আগস্ট ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে।

তিনি বলেন, কুচক্রী একটি গোষ্ঠী অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলা করেছে। যাতে দেশের ভেতরে আতংকাবস্থা সৃষ্টি হয়, দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও বিনিয়োগ ব্যাহত হয় এবং দেশকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা যায়। সভায় এ ঘটনায় নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মান্নান ভূঁইয়া।

তিনি আগামী ২২ আগস্ট দেশব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি সফল করতে চারদলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।