২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার জন্য আওয়ামী লীগই দায়ী: নিজামী

জোট সরকারের শরীক জামায়াতে ইসলামীর আমীর ও শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী বুধবারের বোমা হামলার জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে নিজামী এ অভিমত প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় ও যুবলীগ নেতাকে জামা’আতুল মুজাহিদীন নেতা শায়খ আবদুর রহমানের আত্মীয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ইসলামী আন্দোলন ধ্বংস করার জন্য এ ধরনের যড়যন্ত্র করছে।

প্রধান বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা ইসলামপন্থীদের ওপর দোষ চাপিয়ে চারদলীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে ইসরাইলী গোয়েন্দা সংস্থা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থারও এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

জামা’আতুল মুজাহিদীন নেতাদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের সংগঠনকে চিনি না, জানিও না।

বোমা হামলা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রীর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান শিল্প মন্ত্রী।

সরকারের ব্যর্থতা সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বোমা হামলা একটি আন্তর্জাতিক সমস্যা। বিশ্বের সর্বত্র এ ধরনের ঘটনা ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্র টুইন টাওয়ার ধ্বংসের জন্যে দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। আওয়ামী লীগ সরকারও তাদের আমলে সংঘটিত বোমা হামলার সমাধান করতে পারেনি। তবে বর্তমান সরকার বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।

অবশ্য তিনি গোয়েন্দা সংস্থার ব্যর্থতার ব্যাপারে বিভিন্ন মহলের ধারণার সঙ্গে তিনি একমত প্রকাশ করেন।