চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর-বিএসএফ দিনভর গুলিবিনিময়, গ্রামবাসী এলাকা ছাড়তে শুরু করেছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিডিআর-বিএসএফ’র মধ্যে শুক্রবার সারাদিন থেমে থেমে গুলি বিনিময় হয়েছে। দুদেশের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর এপার-ওপার গুলি বিনিময় ঘটছে।
সীমান্তে বিএসএফ ভারী অস্ত্রসহ শক্তি বৃদ্ধি করার ফলে ভোলাহাট সীমান্তের গ্রামগুলোতে আতংকাবস্থা বিরাজ করছে। গ্রামবাসী এরই মধ্যে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। সন্ধ্যার পরেও উভয়পক্ষের গুলি বিনিময় অব্যাহত রয়েছে।
উভয়পক্ষের গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে ভোলারহাটের গিলাবাড়ি সীমান্তে চকধরমপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় বশির (৩৫) নামে একজন কৃষক বিএসএফের গুলিতে আহত হয়। তাকে প্রথমে ভোলারহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলাহাট সীমান্তে অবস্থানরত ২৮ রাইফেল বাটেলিয়ানের সহ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম বিডিনিউজকে জানান, ভারতের মালদহ জেলার আদমপুর ও মৌসয়া ক্যাম্পের বিএসএফ সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ গুলিবর্ষন শুরু করে। জবাবে ভোলাহাটের গিলাবাড়ী ও জিকে পোল্লাডাঙ্গা ক্যাম্পের বিডিআরও গুলি চালাচ্ছে।
তিনি জানান, বিএসএফ এ পর্যন্ত প্রায় ৫০০ রাউন্ড গুলিবর্ষন করেছে। বিডিআর থেমে থেমে পাল্টা গুলি চালাচ্ছে।
বিডিআর সূত্র জানায়, মহানন্দা নদীর ভারতীয় পাড়ে সিমেন্ট ও বালু মিশ্রিত বস্তা ফেলতে বিএসএফকে বাধা দেওয়ার কারণে বিএসএফ হামলা চালায়। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীর ডানদিকের তীর রক্ষা প্রকল্পের কাজ বিএসএফ’র বাধার মুখে গত এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে। অথচ বিএসএফ ওপারে বালির বস্তা ফেলছে।
জানা যায়, এপারে বিডিআরও ব্লক ফেলার চেষ্টা করলে মাঝে মধ্যেই এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবারও বিএসএফ সারাদিন মহানন্দা নদীতে বালির বস্তা ফেলে। এর পরিপ্রেক্ষিতে বিডিআর সীমান্তে রেড এলার্ট জারি করে এবং প্রতিবাদ পত্র পাঠায়।
এ সব ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
