২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার ঘটনায় বিশেষ সংসদ অধিবেশন ডাকতে ড. কামালের আহ্বান

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন দেশজুড়ে বোমা হামলার বিষয়ে আলোচনার জন্য সংসদে একটি বিশেষ অধিবেশন আহ্বানের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি এ ঘটনা তদন্তে জাতীয় তদন্ত কমিশন গঠনেরও আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ড. কামাল হোসেন বলেন, দেশজুড়ে বোমা হামলার ঘটনাকে সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করা উচিত এবং সংসদ অধিবেশনে আলোচনার মাধ্যমে তা জনগণকে জানতে দেয়া উচিত।

এছাড়াও তিনি গত কয়েক বছরে সংঘটিত গ্রেনেড ও বোমা হামলার তদন্তে যে তথ্য পাওয়া গেছে তা প্রকাশ করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিরোধী দল আওয়ামী লীগকে সংসদে যোগদানের পরামর্শ দিয়েছেন।

দেশে বারবার বোমা হামলার ঘটনা ঘটার জন্যে তিনি সরকারের ব্যর্থতা, অদক্ষতা ও দুর্বলতাকে দায়ী করেন।

বিডিনিউজের সাথে আলাপকালে ড. কামাল দেশজুড়ে একযোগে বোমা হামলার ঘটনাকে অশুভ সংকেত এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন।

দেশে উপর্যুপরি বোমা হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক মহলের এমনকি জাতিসংঘের সহায়তা চাওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বোমা হামলাকারী ও পরিকল্পনাকারীরা সরকারের ভিতরের লোক কিনা তা বের করা কার্যকর তদন্ত সাপেক্ষ ব্যাপার।

ড. কামাল হোসেন বলেন, দেশে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি ভয়াবহ হামলা হয়েছে। কিন্তু এ ধরনের হামলা যাতে আর না হতে পারে সেজন্য অতীতের কোনও ঘটনারই কার্যকর তদন্ত হয়নি।

তিনি বলেন, এসব ঘটনা তদন্তে বিরোধী দল, অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুশীল সমাজের সদস্য ও সরকারি সংস্থাসহ সকল পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কার্যকর জাতীয় তদন্ত কমিশন গঠন করা উচিত।

ড. কামাল সতর্ক করে দিয়ে বলেন, এই মুহূর্তে হামলাকারীদের যথাযথভাবে চিহ্নিত এবং শাস্তি দেয়া না গেলে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার ঘটনা ঘটবে।

বিশিষ্ট আইনজীবী ড. এম জহির বলেন, গোয়েন্দা সংস্থাগুলো ও সরকার হামলাকারীদের গ্রেফতার করছে না। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোঁড়াছুঁড়ির কারণে এবং একে অপরকে দোষারোপ করায় প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে জামা’আতুল মুজাহিদীন বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। কিন্তু তাদের রাজনৈতিক ভীত খুব শক্তিশালী নয়। বোমা ও গ্রেনেড হামলার সাথে জড়িত রাজনৈতিক গডফাদার ও পরিকল্পনাকারীদেরকে আমাদের খুঁজে বের করতে হবে।

ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া বলেন, দেশজুড়ে একযোগে যারা বোমা হামলা করেছে তারা খুবই সুসংগঠিত।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে বোমা ও গ্রেনেড হামলার ঘটনা ঘটে চলেছে। হামলাকারীদের চিহ্নিত করা, গ্রেফতার করা ও শাস্তি না দেয়া সরকারের স্থায়ী ব্যর্থতা ও দুর্বলতা বলে তিনি উল্লেখ করেন।

রাবেয়া ভূঁইয়া বলেন, হামলাকারী, তাদের প্ররোচণাকারী ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে সরকারের ব্যর্থতা আমার কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জরুরি ভিত্তিতে তাদের চিহ্নিত করা এবং শাস্তি দেয়া না গেলে তারা আরও বড় ধরনের হামলা চালাবে।