মৌলবাদীদের উত্থানের জন্য বড় দু’টি রাজনৈতিক দলই দায়ী: সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বৃহস্পতিবার বড় দু’টি রাজনৈতিক দলকে দোষারোপ করে বলেছে, মৌলবাদী ও উগ্রপন্থীর উত্থানের ব্যাপারে একে অপরকে দোষারোপ করার কারণে মৌলবাদীরা বুধবারের মতো ব্যাপক সন্ত্রাসী হামলা চালাতে সক্ষম হয়েছে।
তারা মৌলবাদীদের উত্থানের ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এর কারণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাথে সেনাবাহিনীর গোয়েন্দা ও কৌশলগত চুক্তি সম্পাদন করতে হতে পারে।
নগরীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অতীতের বোমা হামলার ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর ও দায়িত্বশীল হলে হামলাকারী এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করত না।
তিনি বলেন, বার বার সতর্ক করে দেওয়া সত্ত্বেও দল দু’টি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পরস্পর পরস্পরকে দোষারোপ করে আসছে।
সরকার এর দায়ভার এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
সিপিবি ১৯ ও ৩১ আগস্ট বিক্ষোভ সমাবেশসহ দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া আওয়ামী লীগের ডাকা শনিবারের হরতালকেও তারা সমর্থন জানিয়েছে।
