ডিআইজি আমজাদকে সিআইডি ঢাকা রেঞ্জে বদলি
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আমজাদ হোসেনকে সিআইডি ঢাকা জোনে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ পেয়ে আমজাদ হোসেন বৃহস্পতিবার অতিরিক্ত ডিআইজি’র কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ইতোমধ্যে তিনি নতুন কর্মস্থল ঢাকায় যোগদানের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন বলে সূত্র জানায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আমজাদ হোসেনকে সিআইডিতে বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছেন। ‘চাকরি নীতিমালা ভঙ্গের’ অভিযোগে মেয়র মহিউদ্দিন ডিআইজি আমজাদ হোসেনের অপসারণ চেয়ে আসছিলেন।
সিসিসি মেয়র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজকে বলেন, অভিযুক্ত ও দলীয় পুলিশ অফিসার আমাজাদ হোসেনের চাকরিতে বহাল থাকার কোনও নৈতিক অধিকার নাই।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার থাকাকালে ‘নয় মে’র সিটি মেয়র নির্বাচনে দলীয় ভূমিকা রাখায় এবং বাঙ্গালী সংস্কৃতির মূল্যবোধে আঘাত হানায়’ আমাজাদ হোসেন ব্যাপক বিতর্কিত হন।
পরে নির্বাচন কমিশনের একটি আদেশ অনুযায়ী আমজাদ হোসেনকে ২১ এপ্রিল সিএমপি থেকে প্রত্যাহার করে ঢাকায় ওএসডি করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে সিএমপি’র সাবেক কমিশনার আমজাদ জোট প্রার্থী মীর মোহাম্মদ নারিউদ্দিনের পক্ষে কাজ করছে, এমন অভিযোগের প্রমান পাওয়ায় নির্বাচন কমিশন তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়।
মহিউদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনে আমজাদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেছিলেন।
এছাড়া শহীদ মিনার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করার নামে বাংলা নববর্ষ উদযাপনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাবেক সিএমপি কমিশনার আমজাদ হোসেন ব্যাপক সমালোচিত হন।
মেয়র নির্বাচনের কয়েক সপ্তাহ পরে আবার তাকে চট্টগ্রামে নিয়োগ দেওয়া হয়। তবে এবার তাকে সিএমপিতে নয়, নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জে।
চট্টগ্রাম নাগরিক কমিটি এবং মেয়র মহিউদ্দিন চৌধুরী চাকরি নীতিমালা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আল্টিমেটাম দেন। তারা বলেন, আমজাদ হোসেন যে চাকরি নীতিমালা ভঙ্গ করেছেন, নির্বাচন কমিশন তার প্রমান পায় এবং তার চাকরিতে বহাল থাকা চাকরির নীতিমালা বিরুদ্ধ।
এছাড়া মেয়র নির্বাচনের প্রাক্কালে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনার সাথে আমজাদ হোসেন জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে এ ব্যাপারে মামলা দায়েরের পর সরকার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু করে।
