বুধবারের বোমা হামলা জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের জন্যে অশনি সংকেত: ১৪ দল
আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবারের বোমা হামলাকে জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের জন্যে অশনি সংকেত বলে উল্লেখ করেছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন।
সারা দেশে বোমাবাজির প্রতিবাদে ১৪ দল এ সমাবেশ আয়োজন করে।
নেতৃবৃন্দ বোমা হামলার জন্যে সরকারকে দায়ী করে বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী মৌলবাদি বিএনপি জামাত জোটের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে যারা তালেবানি শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে ঠেকাতে হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির আজিজুল ইসলাম খান, পংকজ ভট্টাচার্য, জাকির হোসেন, আহমেদ শাহাবুদ্দিন ও এমএ গনি।
বক্তারা বলেন, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারে আওয়ামী লীগসহ ১৪ দলের প্রস্তাবনার পক্ষে গড়ে ওঠা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে এ হামলা ঘটানো হয়েছে। তারা সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
