২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে বিজেএএফ, এসসিবিএ’র নিন্দা

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) বিরোধিতা উপেক্ষা করে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) একটি অংশ ৬১ পাউন্ড ওজনের একটি কেক কেটে সোমবার বিএনপি’র চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৬১তম জন্মদিন পালন করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জন্মদিনের অনুষ্ঠানে বিজেএফ নেতা অ্যাড. জয়নাল আবেদীন এসসিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দিতে গেলে সভাপতি অ্যাড. মাহবুবে আলম ও সম্পাদক এম ইনায়েতুর রহিম ছিঃ ছিঃ উচ্চারণ করে তাদের ঘৃণা প্রকাশ করেন।

অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, জাতীয় শোকদিবসে কেক কেটে সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী তাদের নিম্ন রুচি ও নীচ মানসিকতারই পরিচয় দিয়েছেন। এ আমন্ত্রণের মাধ্যমে আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে।

অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের নাম করে যারা কেক কেটেছে তারা ইসলামের চেতনার বিরুদ্ধে কাজ করেছে। যেহেতু জন্মদিনে কেক কাটা ইসলামী সংস্কৃতি বিরোধী।

বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখা বিএনপি’র আইন সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে এসসিবিএ’র দক্ষিণ হলে মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে।

জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ঘোষিত বিজেএএফ সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এম শামসুল আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সদস্য সচিব ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আক্তার বুলবুল এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন।