ফরিদপুর-১ উপনির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, মাঠে রইলেন ৩ জন
ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রোববার চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
এরা হচ্ছেন কাজী সিরাজুল ইসলাম, একেএম জামালউদ্দিন নান্নু মিয়া, মাওলানা মুজিবর রহমান এবং মো. নুরুল আবেদিন।
কাজী সিরাজুল ইসলাম প্রথমে বিএনপির মনোনয়ন পেলেও ১০ আগস্ট তাকে বাদ দিয়ে বিদ্রোহী প্রার্থী শাহ মো. আবু জাফরকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী একেএম জামালউদ্দিন নান্নু মিয়া ৮ আগস্ট বিএনপিতে যোগ দেন। রোববার তিনি শাহ মো. আবু জাফরকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মাওলানা মুজিবর রহমানও আবু জাফরকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শাহ জাফর জানান, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল আবেদিনও তাকে সমর্থন দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৬ আগস্ট মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রোববার চারজন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় এখন মাঠে রইলেন তিনজন প্রার্থী। এরা হলেন চারদলের শাহ মো. আবু জাফর, ইসলামী ঐক্য জোটের প্রার্থী মুফতি মো. শরাফত হোসাইন এবং কৃষক মুক্তি আন্দোলনের কৃষক মো. সাদেক।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এ নির্বাচন বর্জন করেছে।
৩০ আগস্ট এ আসনের নির্বাচন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৭৫ জন।
