আইনজীবীরা উদ্যোগ নিলে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা সম্ভব : ড. জহির
সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির বলেছেন, আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যকর করা সম্ভব।
তিনি বলেন, সরকার নয়, মামলার শুনানির জন্য আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক এডহক বিচারপতি নিয়োগের জন্য আইনজীবীদেরকে প্রধান বিচারপতির কাছে আবেদন করতে হবে। সংবিধানের ৯৮ ধারা অনুযায়ী বঙ্গবন্ধু হত্যা মামলায় প্রয়োজনীয় সংখ্যক এডহক বিচারপতি নিয়োগ করা সম্ভব।
প্রয়োজনীয় সংখ্যক বিচারকের অভাবে বঙ্গবন্ধু হত্যা মামলাটি তিন বছরেরও বেশি সময় ধরে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তির জন্য তিনজন বিচারক প্রয়োজন। কিন্তু আপিল বিভাগের ছয়জন বিচারপতির মধ্যে পাঁচজনই মামলার শুনানি গ্রহণ করতে অপরাগ।
বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী সামনে রেখে বিডিনিউজের সাথে সাক্ষাৎকারে ড. জহির বলেন, এই মামলার রায় বাস্তবায়িত না হওয়ায় দেশের জনগণের প্রতি এবং দণ্ডপ্রাপ্ত আসামী যারা ডেথ সেলে রয়েছে তাদের প্রতি অবিচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার নিশ্চিত না হওয়ায় ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার আদালতের রায় কার্যকর করতে কেউ কোনও পদক্ষেপ না নেওয়ায় বঙ্গবন্ধু হত্যা মামলার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
