২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-১ উপনির্বাচন: শনিবার প্রার্থিতা প্রত্যাহার, সোমবার প্রতীক বরাদ্দ

ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রোববার। আগামী ১৫ আগস্ট সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এদিকে চারদলীয় জোটের প্রার্থী শাহ মো. আবু জাফর ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি মো. শরাফত হোসাইন জনসংযোগ, পথসভাসহ তাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। অপর প্রার্থী ও সাবেক এমপি কাজী সিরাজ ইতোমধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করতে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।

অন্যদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সভা-সমাবেশ অব্যাহত রেখেছে। যুবলীগ শনিবার মধুখালী উপজেলায় যুব সমাবেশ করেছে।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল ও জোটের অনুকূলে যে প্রতীক সংরক্ষণ করা হয়েছে, ফরিদপুর-১ আসনের উপনির্বাচনেও সেসব রাজনৈতিক দল ও জোটকে সেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি স্বাক্ষরিত এক পত্রে চারদলীয় জোটের প্রার্থী শাহ মো. আবু জাফরকে ধানের শীষ বরাদ্দ করতে রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ করা হয়।

চারদলীয় জোটের প্রার্থী শাহ মো. আবু জাফর শনিবার বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগ করেছেন। পরে মধুখালীতে আবদুর রাকিব চৌধুরী ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। বিভিন্ন সমাবেশ ও পথসভায় শাহ মো. আবু জাফর চারদলীয় জোট, আওয়ামী লীগ, জাকের পার্টি, বামফ্রন্টের নেতাকর্মীদের প্রতি তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

চারদলীয় জোটের শরীক দল ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি মো. শরাফত হোসাইন শনিবার বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগ করেন। বিভিন্ন সভায় তিনি উল্লেখ করেন, ইসলামী শাসন কায়েম করতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

এদিকে আগামী ৩০ আগস্ট অনুষ্ঠেয় উপনির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শনিবার বোয়ালমারীতে অনুষ্ঠিত যুব সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, নির্বাচনের নামে ৩০ আগস্ট নাটক মঞ্চস্থ হবে। যে ফলাফল ঘোষিত হবে, তা পূর্ব পরিকল্পিত ও পূর্ব নির্ধরিত। প্রহসনের এই নির্বাচন জনগণ মেনে নেবে না।