‘জনগণের রায়ে ক্ষমতায় যেতে পারবে না বলে জোট ষড়যন্ত্র করছে’
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি জামাত জোট জানে জনগণের রায়ে তাদের আর ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
তাই কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করছে। কিন্তু ওদের এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করে বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার বিকেলে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।
‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুল বাশার।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, হাবিবুর রহমান মিলন, আব্দুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
