বিশ্বে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে শরণার্থী সমস্যাও বাড়ছে : কর্মশালায় অভিমত
সারাবিশ্বে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে শরণার্থী সমস্যাও বাড়ছে। শরণার্থী সমস্যা রাজনৈতিক হলেও মানবিক দৃষ্টিকোন থেকেই এর সমাধান করতে হবে।
বৃহস্পতিবার বার কাউন্সিল মিলনায়তনে শরণার্থী বিষয়ক আইনের ওপর দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন। বার কাউন্সিল ও জাতিসংঘের উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক কমিশনারের (ইউএনএইচসিআর) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বার কাউন্সিলের হিউম্যান রাইট অ্যান্ড লিগ্যাল রাইট কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেডআই খান পান্নার সভাপতিত্বে অধিবেশনে বাংলাদেশে ইউএনএইচসিআর মিশন প্রধান ক্রিসোফার বিসি লি, মানবাধিকার কর্মী ইউসুফ হাসান হুমায়ুন ও পিসি গুহ বক্তব্য রাখেন।
ক্রিস্টোফার লি বলেন, শরণার্থীরা হচ্ছে সব ধরণের মৌলিক মানবিক অধিকার বঞ্চিত মানুষ। এইসব বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় দেশে দেশে নানা ধরণের আইন হলেও খুব অল্প কয়েকটি দেশ এ সব আইন মেনে চলে।
তিনি বলেন, সারা বিশ্বেই রাজনৈতিক সহিংসতা বাড়ছে বলে, বাড়ছে শরণার্থী তথা বঞ্চিত মানুষের সমস্যা। শুভবুদ্ধির মানুষের কর্তব্য হবে, এই সব অধিকার হারা মানুষকে পুনর্বাসনে সাধ্যমত চেষ্টা করা।
অ্যাডভোকেট জেডআই খান পান্না বলেন, ১৯৭১ সালে এক কোটি বাঙালি ভারতে শরণার্থীর মানবেতর জীবন যাপনে বাধ্য হয়। কিন্তু স্বাধীন দেশে এপর্যন্ত কোনো সরকারই শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলতে রাজী নয়। অথচ আমাদের রাজনৈতিক দল ও সরকারগুলো কথায় কথায় গণতন্ত্র ও আইনের সুশাসনের কথা বলে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা পেশার প্রতিনিধিদের সনদপত্র দেওয়া হয়।
