বিদ্রোহী গ্র“পের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে সিলেটে বিএনপির রাজনৈতিক কোন্দলের অবসান
অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কাছে বিদ্রোহী গ্র“পের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে সিলেটে বিএনপির রাজনৈতিক কোন্দলের আপাত অবসান হলো।
বিদ্রোহী গ্র“পের নেতা বিএনপির সাংসদ ইলিয়াস আলী, সাংসদ সৈয়দ মকবুল হোসেন ও সাংসদ সাফি আহমেদ চৌধুরী দলবলসহ বুধবার সকালে অর্থমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। তারা পা ছুঁয়ে অর্থমন্ত্রীকে সালাম করেন এবং রাজনৈতিকভাবে কনিষ্ঠ হিসেবে সাইফুর রহমানের দোয়া চান।
পরে সাংবাদিকদের কাছে ইলিয়াস আলী বলেন, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই। কোনো কোনো পত্র -পত্রিকা অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করায় আমাদের সিনিয়র নেতা সাইফুর রহমানের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিলো।
তিনি বলেন, ওই ঘটনার পর থেকে আমাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিলো। এখন আমরা ভারমুক্ত হলাম।
তবে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাংবাদিকদের বলেন ভিন্ন কথা। তিনি বলেন, মিডিয়া আমার বিরুদ্ধে কোনো অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করেনি।
তিনি বলেন, ইলিয়াস আলী নয়, সিলেটেরই আরেকজন আমার বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো।
অর্থমন্ত্রী বলেন, রাজনীতিতে সমালোচনার ক্ষেত্রে কিছু গ্রামার মেনে চলতে হয়। আমরা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির সমালোচনা করে অনেক কথা বলি। কিন্তু তা একটা গ্রামারের মধ্যে থাকে। সিলেটে আমার বিরুদ্ধে এমন কিছু কথা বলা হয়েছিলো, যা গ্রামার মেনে বলা হয়নি।
সম্প্রতি সিলেটের রাজনীতিতে অর্থমন্ত্রীর সঙ্গে দলের বিদ্রোহী গ্র“পের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। সাংসদ সৈয়দ মকবুল হোসেন মন্তব্য করেন, অর্থমন্ত্রী তার দুইপুত্র ও ঘনিষ্ঠজনদের মাধ্যমে অর্থের পাহাড় গড়ে তুলছেন, তিনি সিলেটে গড়ে তুলছেন তার একক রাজত্ব - ইত্যাদি। এ মন্তব্যকে কেন্দ্র করেই সিলেটে শুরু হয় তোলপাড়। একপর্যায়ে কেন্দ্রীয় বিএনপি সিলেট বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই কমিটির আহ্বায়ক ছিলেন সাংসদ ইলিয়াস আলী।
