সরকারের ‘অপশাসন’ থেকে দেশকে রক্ষা করতে প্রধান বিরোধী দলগুলোর বৃহত্তর ঐক্যের ডাক
জোট সরকারের ‘অপশাসন’ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দেশের মূলধারার বিরোধীদলগুলোর নেতারা শুক্রবার মুক্তিযুদ্ধের সপক্ষের, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন।
তারা বর্তমান দারিদ্র্যক্লিষ্ট, সংঘাতময়, মৌলবাদী আক্রান্ত ও রাজনৈতিকভাবে বিভক্ত বাংলাদেশের পরিবর্তে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্খা ব্যক্ত করেন। সেই সাথে অদূর ভবিষ্যতে দেশে সত্যিকারের গণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গণফোরামের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তারা এ কথা বলেন। প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ প্রায় সব ক’টি বিরোধী দলের শীর্ষ নেতা-ই মঞ্চে উপবিষ্ট ছিলেন।
‘অর্থবহ পরিবর্তনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলুন,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণ ফোরাম এবারের সম্মেলন আয়োজন করেছ।
জোট সরকারকে ‘গণতন্ত্রবিরোধী ও স্বেচ্ছাচারি’ আখ্যায়িত করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, জোট সরকারের সাথে সংশ্লিষ্টরা বর্তমানে জাতীয় সম্পদ লুটপাটের পরিকল্পনা করছে। তিনি দুর্নীতিবাজ সরকারের পতন ঘটাতে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান।
দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং অসুস্থ রাজনীতির অভিশাপমুক্ত ‘স্বপ্নের বাংলাদেশ’র চিত্র তুলে ধরে ড. কামাল হোসেন গণবিরোধী অপশক্তিতে রুখতে ১৯৭১-এর মতো আরও একবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সময়ের এ দাবি সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে এবং ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল করতে ১৯৯০-এর মতো লোকজনের দ্বারে দ্বারে যাওয়ার জন্য তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দলের কর্মীদের প্রতি অনুরোধ জানান।
জনতার প্রতি আবেগমাখা এক অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রিয় বাংলা মায়ের স্বার্থে আমি আপনাদের সময় ও শ্রম ভিক্ষা চাই।
পাঠ্য পুস্তকে স্বাধীনতার ইতিহাস বিকৃত করায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি তরুণ সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ১৯৯০ সালে নূর হোসেনের রক্তের বিনিময়ে দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেলেও এখনও গণতন্ত্র অর্জিত হয়নি।
১৪ দল একটি ন্যুনতম অভিন্ন জাতীয় কর্মসূচি প্রণয়ন করবে এবং শিগগিরই সেটি জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ঘোষণা করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য প্রয়োজন বৃহত্তর ঐক্যের।
জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে গত তিন দশক ধরে সামরিক শাসন এ অঞ্চলের জনগণের জন্য ভাল কিছুই বয়ে আনেনি, বরং তাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
সন্তু লারমা বলেন, শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে নয়, ভবিষ্যতে যে কোনও সংকট মোকাবেলার জন্যও ঐক্য হওয়া দরকার।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিরোধী দল প্রস্তাবিত নয় দফা দাবিনামাকে আরও গণমুখী করতে প্রয়োজনে এর পর্যালোচনা করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু তিন পর্যায়ের ঐক্যের কথা বলেন। তিনি একে আন্দোলনের ঐক্য, নির্বাচনের ঐক্য ও দেশ পরিচালনার ঐক্য হিসেবে উল্লেখ করেন।
ইনু আগামীতে ১৪ দল ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করার ব্যাপারে মত প্রকাশ করেন।
ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এমপি বলেন, ব্যর্থ সরকারের কোনো প্রতিযোগিতা থাকলে বাংলাদেশের বর্তমান সরকার তা’তেও চ্যাম্পিয়ন হতো।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও পেশাজীবি সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ পরবর্তী সরকারের ‘কাল্পনিক’ সুদিন সম্পর্কে দিবাস্বপ্নে বিভোর না হওয়ার ব্যাপারে সতর্ক করে দেন।
বিচার বিভাগের পৃথকীকরণ, বিচারবহির্ভূত হত্যাকান্ড, পুলিশ হেফাজতে মৃত্যু, কার্যপ্রণালী বিধি সংশোধন করে সংসদকে কার্যকর করা ইত্যাদি বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরে রোকনউদ্দিন মাহমুদ বলেন, পরবর্তী ক্ষমতাসীন সম্ভাব্য নেতৃত্বকে নির্বাচনের আগেই স্পষ্ট বলে দিতে হবে তারা ক্ষমতায় গেলে কখন এবং কিভাবে এ ইস্যুগুলোর সমাধান করবেন।
এ ছাড়াও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, গণতান্ত্রিক মজদুর পার্টির তোফাজ্জল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোর্শেদ আলী প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।
