২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামীপন্থী আইনজীবীরা আমার চরিত্র হরণ করছে: মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমদ শুক্রবার বলেছেন, ঝিন্টু ইস্যুতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তার বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছে তা জনগণ গ্রহণ করবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

তিনি বলেন, আওয়ামীপন্থী আইনজীবীরা রাজনৈতিক কোন ইস্যু না  পেয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করে আমার চরিত্র হরণ করছে। আমি আমার সম্মান রক্ষার্থে আদালতে মামলা দায়ের করেছি। এখন আদালতেই বিষয়টির সত্যতা যাচাই হবে।

সরকারপন্থী আইনজীবীদের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ বলেন, সংবিধান  অনুসারে রাষ্ট্রপতি মহিউদ্দিন ঝিন্টুর সাজা মওকুফ করেছেন।

তিনি বলেন, ঝিন্টুর নাম মামলার এফআইআর-এ উল্লেখ ছিল না। তার বিরুদ্ধে প্রত্যক্ষ কোন সাক্ষীও ছিলনা। হত্যা মামলার বিরুদ্ধে আপিল করার কোন সুযোগও তার ছিল না।  আইনমন্ত্রী হিসেবে আমি এই ধরণের মামলায় আবেদনকারী যে কোন সাধারণ মানুষের পক্ষে একই সুপারিশ করতাম ।

তিনি জানান, বিরোধীদলীয় আইনজীবীগণ আইনের শাসন লঙ্ঘন করেছে এবং হাইকোর্টের রায়ের নমুনাপত্র পুঁড়িয়ে নষ্ট করে বিচার বিভাগের ভাবমূর্তি ও সম্মান ধূলিস্যাৎ করেছে।

২৯ জুলাই সম্মিলিত আইনজীবী সমন্নয় পরিষদের সমাবেশের বিপরীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএজেএফ)’র একাংশ সুপ্রিম কোর্ট বার সমিতির চত্তরে এই সমাবেশর আয়োজনে করে।

আইনমন্ত্রী বলেন, চারদলীয় ঐক্য জোটের সরকারকে দেশে ও বিদেশে অজনপ্রিয় করে তুলতে বিরোধীদলের প্রচেষ্টা সফল হবে না।

তিনি বলেন, প্রধান বিরোধীদল আওয়ামী লীগ এমন একটা ব্যাবস্থা চাচ্ছে যাতে করে তারা নির্বাচনে জয়ী হতে পারে। আগামী সাধারণ নির্বাচন বর্তমান সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন সন্ত্রাস, কালো টাকা এবং সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে বিরোধীদলের সাথে জাতীয় সংসদে আলোচনায় বসা যেতে পারে।

আইনের শাসন ও বিচার বিভাগ রক্ষার্থে বিরোধীদলের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহব্বান জানান।

বিজেএএফ এর সভাপতি অ্যাডভোকেট  টিএইচ খানের সভাপতিত্বে  অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, জাতীয় সংসদের সাবেক স্পিকার এ্যাডভোকেট শেখ আব্দুর রাজ্জাক আলী, আইন মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মাহবুবুদ্দিন আহমেদ, আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহ্জাহান ওমর, ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি প্রমুখ ।

সমাবেশে তারা বিরোধীদলীয় আইনজীবীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।