২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছু হটলেন নাজমুল হুদা, পাল্টা সভা প্রত্যাহার (আপডেট)

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শেষ পর্যন্ত পিছু হটলেন। তার নেতৃত্বাধীন বিএনপি সমর্থক আইনজীবীদের প্রস্তাবিত শুক্রবারের পাল্টা জরুরি সাধারণ সভা বৃহস্পতিবার রাতে স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) শুক্রবারের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে তার নেতৃত্বাধীন আইনজীবীরা একই দিন হোটেল পূর্বাণীতে জরুরী সাধারণ সভা আহ্বান করেছিলেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মতিঝিলের মহারাজা হোটেলে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন আইনজীবীদের বৈঠকে পূর্বঘোষিত শুক্রবারের জরুরি সাধারণ সভা স্থগিত করা হয়।

পরবর্তীতে সারাদেশের বিএনপি সমর্থক আইনজীবীদের নিয়ে বৃহত্তর পরিসরে সমাবেশ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায়।

অ্যাডভোকেট এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, গোলাম কিবরিয়া ও হেলাল উদ্দিন মোল্লা এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আকবর আজিম বাবুল, সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিপক্ষের নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে হোটেল পূর্বাণীতে ওই জরুরি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন।