স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা আয়োজনে পদক্ষেপ না নেয়ায় স্পিকারকে আওয়ামী লীগের দোষারোপ
গত তিন মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা আয়োজনের কোনও পদক্ষেপ না নিয়ে স্পিকার সংবিধান লংঘন করেছেন বলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে।
একই সাথে তারা বহুল আলোচিত মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমা করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযুক্ত করেন এবং এ সম্পর্কিত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
বিরোধী দলীয় নেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এ অভিযোগ করেন।
গত তিন মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা আয়োজনে ক্ষমতাসীন দলের অনীহার কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, গত সভায় কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তী সভায় আলোচনার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হওয়ায় সরকার এ সভা আয়োজনে ভয় পাচ্ছে।
গত ২৮ এপ্রিল সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বলে তিনি সাংবাদিকদের জানান।
মোহাম্মদ নাসিম বলেন, কমিটির নীতিমালার ২৪৮ ধারা অনুযায়ী প্রতিমাসে একবার সভা আয়োজন বাধ্যতামূলক। তিনি জানান, বার বার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সাথে যোগাযোগ করেও তিনি তার কাছ থেকে কোনও সাড়া পাননি।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, স্থায়ী কমিটি কাজ করছে কি করছে না তা দেখার দায়িত্ব স্পিকারের।
তিনি বলেন, পর পর তিন মাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা আয়োজনের লক্ষ্যে কোনও পদক্ষেপ না নিয়ে স্পিকার সংবিধান লংঘন করেছেন।
‘ইচ্ছাকৃতভাবে’ এটা করার জন্য তিনি স্পিকারকে দোষারোপ করেন। এটি সংবিধানের ৭৫ ধারার বিরোধী বলেও তিনি মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম জানান, তিনি এ ব্যাপারে স্পিকারকে ইতোমধ্যে চিঠিও পাঠিয়েছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, প্রশাসনের শীর্ষ মহলের গ্রিন সিগন্যাল না পেয়ে ঝিন্টুর দেশে ফেরার কথা নয়।
তিনি বলেন, ঝিন্টু ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে আসতে পারেনি। কেননা সে সময় সে বিএনপি’র শীর্ষ মহলকে সন্তুষ্ট করতে পারেনি।
দৃষ্টান্ত হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কথা উল্লেখ করে মহিউদ্দিন খান আলমগীর ঝিন্টুর মামলা সংক্রান্ত ফাইল জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ হেলাল, কার্যকরী কমিটির সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
