আগস্টের প্রথম সপ্তাহেই সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল
নির্বাচন কমিশন আগামী ১ থেকে ৭ আগস্টের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ নারীর ক্ষমতায়ণে সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসনের নির্বাচনে সকল বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, উদার গণতান্ত্রিক মন নিয়ে সরকার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মাধ্যমে নারী ক্ষমতায়ণের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মত আনুপাতিক হারে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যে নারী আসনে নির্বাচন হতে যাচ্ছে।
তিনি জানান, ৪৫টি নারী আসনের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারি প্রতিটি দল আনুপাতিক হারে সদস্য পাবে। এরমধ্যে বিএনপি ৩০টি, আওয়ামী লীগ নয়টি, জামায়াতে ইসলামী ৩টি, জাতীয় পার্টি (এরশাদ) ২টি, বিজেপিসহ (নাজিউর) অন্যান্য দল ১টি আসন পাবে।
আইন মন্ত্রী বলেন, জোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বাড়াতেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সাংবিধানিক এ সুযোগ কাজে লাগিয়ে তাদের দলের নারী সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ ও সংসদে আসার সুযোগ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
