চট্টগ্রাম মেয়রের বিরুদ্ধে কর্মকর্তা ও কর্মচারিদের হয়রানির অভিযোগ
সরকার সমর্থিত বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারি ফেডারেশন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বী কর্মকর্তা ও কর্মচারিদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ করেছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফেডারেশন নেতারা এ অভিযোগ উত্থাপন করেন। তারা একই সঙ্গে ১০ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের বক্তব্য উপস্থাপন করেন মহাসচিব এবং ঢাকা সিটি করপোরেশন জাতীয়তাবাদী কর্মচারি ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি এবং সিসিসি জাতীয়তাবাদী কর্মচারি ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব।
সংগঠনের দাবি দাওয়ার মধ্যে রয়েছে, বিগত বিএনপি সরকার আমলে ঘোষিত ৮০ মাস গ্রাচুইটি প্রদান, পৌর কর্মচারিদের জন্য ৪০ শতাংশ চাকরি কোটা প্রবর্তন, তিন মাসের বেতন পরিশোধ করে কর্মচারিদের চাকরিচ্যুতি সংক্রান্ত আইন বাতিল এবং মাস্টার রোল কর্মচারিদের চাকরি স্থায়ীকরণ।
সংবাদ সম্মেলনে আবু তৈয়ব অভিযোগ করেন, তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার পর ১৬ ও ১৮ জুন চট্টগ্রাম মেয়রের গুণ্ডা বাহিনী অন্ততঃ ১০ জন বিএনপি সমর্থক কর্মকর্তা ও কর্মচারির ওপর হামলা করে। তিনি জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
