২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের সংলাপ দ্বিতীয় দিনেও জমেনি, নির্ধারিত ৩৮টি দলের ১১টি হাজির হয়েছে

ভোটার তালিকা ইস্যুতে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপ প্রক্রিয়া বুধবার দ্বিতীয় দিনে অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও তার ১৪ দলীয় জোটভুক্ত দলগুলো আগে থেকেই সংলাপ বয়কট করেছে। তবে তাদের পাশাপাশি নামসর্বস্ব দলগুলোরও অধিকাংশই আলোচনায় অংশ নিতে আসেনি। নির্ধারিত ৩৮টি দলের ১১টি হাজির হয়েছে।

আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট আগেই সংলাপ বর্জনের ঘোষণা দেয়। বুধবারের সংলাপে বিকল্পধারা বাংলাদেশ ও কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেয়নি। পত্রপত্রিকায় নামসর্বস্ব দলগুলোর সংলাপে অংশগ্রহণের বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার কারণে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ বুধবারের সংলাপের ফলাফলের ব্যাপারে মুখ খোলেননি।

অপেক্ষমাণ সাংবাদিকদের এ ব্যাপারে তিনি বলেন, এখন আমি কিছু বলতে চাচ্ছি না। আপনাদের সাথে পরে কথা হবে।

বুধবারের সংলাপে ৩৮টি দলের অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় মাত্র ১১ টি দল। জাতীয় পার্টি আলোচনায় অংশ নিয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মোট ৪৯টি দল আলোচনায় অংশ নিয়েছে। তবে অধিকাংশ অংশগ্রহণকারীই নির্বাচনী আইন এবং নতুন নির্বাচনী বিধি তৈরি কিংবা বিদ্যমান নির্বাচনী বিধির সংশোধন সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার অংশগ্রহণকারী ১১টি দলের মধ্যে আটটি দল নতুন ভোটার তালিকার পক্ষে এবং জাতীয় পার্টিসহ বাকি দলগুলো হালনাগাদ করার পক্ষে মত প্রকাশ করে।

বৃহস্পতিবার সংলাপের শেষদিন বিএনপি ও তার শরিক দল জামাত, বিজেপি ও ইসলামি ঐক্যজোট সংলাপে অংশ নেবে। নির্বাচন কমিশন মোট একশ’ ১৭টি দলকে সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল।