ডিএনডির জলাবদ্ধতার জন্য স্থানীয় এমপির ক্যাডাররা দায়ি: আব্দুল জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, স্থানীয় এমপির ক্যাডাররা ডিএনডির ভেতরের ক্যানেলগুলো দখল করে মাছ চাষ করার জন্য জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এখন পানি নিস্কাশনের নামে ক্যাডাররা প্রতি ঘর থেকে তিন/চারশ’ টাকা করে চাঁদা নিচ্ছে।
তিনি বুধবার ডিএনডির জলাবদ্ধতা পরিদর্শন করতে এসে সিদ্ধিরগঞ্জস্থ পাম্প হাউজে উপস্থিত জনতার উদ্দেশ্যে এ কথা বলেন। ডেমরার সানার পাড়ের লন্ডন মার্কেটের জলাবদ্ধতাও পরিদর্শন করেন।
আব্দুল জলিল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা ডিএনডির জলাবদ্ধতা দূর করব।
এ সময় জলিলের সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, মহিউদ্দিন খান আলমগীর, নাজমা রহমান, হাবিবুর রহমান মোল্লা, থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল প্রমুখ।
এদিকে, ডিএনডি এলাকায় বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বুধবার পর্যন্ত অব্যাহত ছিল। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তার উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় বুধবার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক এস এম হারুনার রশিদ জানান।
