নির্বাচন কমিশনে মঙ্গলবার শুরু হচ্ছে প্রহসনের সংলাপ
প্রধান প্রধান বিরোধী দলগুলোর বয়কট সত্ত্বেও প্যাড-সর্বস্ব রাজনৈতিক দলগুলোকে নিয়ে মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনে ভোটার তালিকা বিষয়ে সংলাপ শুরু হচ্ছে। বিরোধী দলগুলো তিন দিনের এই আলোচনাকে প্রহসন বলে অভিহিত করেছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে ইতোমধ্যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক দল সমূহ, বিকল্প ধারা বাংলাদেশ এবং কৃষক-শ্রমিক জনতা লীগ সংলাপে না যাওয়ার বিষয়ে পরিস্কার জানিয়ে দিয়েছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ জানিয়েছেন যে আলোচনা বয়কটের সিদ্ধান্ত নেওয়া দলগুলোকে রাজি করাতে তিনি ব্যক্তিগতভাবে কোনও উদ্যোগ নেবেন না।
তবে দলগুলো মত বদলে আলোচনায় অংশ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। সেই সাথে জানিয়েছেন, আলোচনায় যোগ না দিলেও যে কোনো দল নির্বাচন কমিশনকে তাদের মতামত জানাতে পারে। আর কমিশন তা’ গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবে।
সংলাপে বর্জন করা প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিডিনিউজকে জানান, সরকারের একক সিদ্ধান্তে নিয়োগপ্রাপ্ত বর্তমান সিইসি-কে আমরা গ্রহণযোগ্য মনে করি না। ইতোমধ্যে দু’ দু’টি উপনির্বাচনে তিনি বিএনপি’র প্রতি নিজের আনুগত্যের প্রমাণ দিয়েছেন।
তিনি আরও বলেন, ভূতপূর্ব সিইসি একেএম সাদেকের মতো বর্তমান সিইসি-ও নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে পরিস্থিতি ঘোলা করতে চাইছেন।
ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ মঙ্গলবার ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সংলাপে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে এ নিয়ে এরই মধ্যে তারা মিত্রদের সাথে আলোচনা সেরেছেন বলেও জানান তিনি।
সংলাপে না যাওয়ার কারন ব্যাখ্যা করতে গিয়ে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিডিনিউজকে জানান, যে বিষয় নিয়ে কমিশন সংলাপের আয়োজন করেছে, তা এই মূহুর্তে জরুরি নয়।
বিকল্প ধারা বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ফিরোজ এম হাসানও নির্বাচন কমিশনের উদ্যোগকে আইওয়াশ বলে প্রত্যাখ্যান করেছেন।
প্রধান নির্বাচন কমিশনারকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যায়িত করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সিইসি খালেদা-নিজামীর এজেন্ট।
এ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও ১১ দলের নেতা রাশেদ খান মেনন।
সরকারবিরোধী প্রধান দলগুলো বয়কট করলেও স্বভাবতঃই সংলাপে যোগ দিচ্ছে ক্ষমতাসীন চার দলীয় জোট, জেপি (মঞ্জু) জাসদ (রব)।
এর বাইরে অনেকগুলো নামকা ওয়াস্তে রাজনৈতিক দল সংলাপে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন প্রথম দিন অর্থাৎ ২৬ জুলাই ৭২ টি দলের সঙ্গে আলোচনায় বসবে। তবে এর মধ্যে তিনটি মাত্র দলের নাম পাঠকের কাছে পরিচিত মনে হতে পারে-জাতীয় পার্টি (মঞ্জু), জাসদ (রব) ও মুসলিম লীগ (জমির আলী)।
দ্বিতীয় দিন (২৭ জুলাই) প্রধান বিরোধী দলগুলোসহ ৩৮টি দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
২৮ জুলাই শেষ দিন বিএনপি ও চার দলীয় জোটের অন্যান্য শরিক দল সংলাপে যোগ দেবে।
