শুধু নির্বাচনের সময় ব্যস্ত থাকলে চলবে না: নেতা-কর্মীদের প্রতি তারেক জিয়া
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শুধু নির্বাচনের সময় ব্যস্ত থাকলে চলবে না, মানুষের ভাগ্য উন্নয়নে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে হবে।
দেশব্যাপি সাংগঠনিক সফরের অংশ হিসেবে সোমবার সকালে চাঁদপুর পৌর পাঠাগারে জেলা বিএনপি’র নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির দ্বিতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এদেশের রাজনীতিতে বহু দল এসেছে, যারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পেরে সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি দেশ ও দেশের মানুষকে নিয়ে রাজনীতি করে। কেবল নির্বাচনকে সামনে রেখে রাজনীতি করে না। তাই সাধারণ মানুষের দ্বারে পোঁছতে পেরেছে।
দিনব্যাপি রুদ্ধদ্বার বৈঠকের প্রথম পর্বে জেলা বিএনপির সভাপতি এস এ সুলতানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হায়দার খান এমপি, নূরুল হুদা এমপি, জিএম ফজলুল হক এমপি প্রমুখ। এ সভায় যুবদল ও ছাত্রদল নেতারাও উপস্থিত ছিলেন।
